২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিওমুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্য উপদেষ্টার আহ্বান

পোলিওমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এএসএম মতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 03:08 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, আগামী ৩ মার্চ জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড এবং ৮ এপ্রিল দ্বিতীয় রাউন্ড পালন করা হবে। উভয় রাউন্ডে পাঁচ বছরের কম বয়সী দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।

পোলিও টিকা খাওয়ানোর পাশাপাশি ৮ এপ্রিল এক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

মতিউর রহমান বলেন, আঞ্চলিক ভিত্তিতে পোলিও নির্মূল না হওয়ায় বাংলাদেশ পোলিওমুক্ত সনদ পায়নি। দেশের বিশাল সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন যাতায়াতকারী সব শিশুকে পোলিও টিকা খাওয়ানো কঠিন। এর ফলে পোলিও ভাইরাস পুনঃসংক্রমনের বিষয়ে শঙ্কা রয়ে গেছে। । 

তিনি জানান, একটি শিশুও যেন টিকা খাওয়া থেকে বাদ না যায়, এজন্য নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও বিভিন্ন পাড়া-- মহল্লায় অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দর, স্থলবন্দর, লঞ্চ ঘাট, বড় বড় ব্রিজের টোল কেন্দ্রে  ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।