২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ অস্ত্র নিয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

বৈধ আগ্নেয়াস্ত্রসহ চলাফেরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ১ মার্চ থেকে বৈধ অস্ত্রের মালিকরা নিজেদের অস্ত্র নিয়ে চলাচল পারবেন। এ ছাড়া থানায় জমা নেওয়া রিভলবার এবং পিস্তল এই তারিখ থেকেই ফেরত দেওয়া শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে আমর্স ডিলারদের আগ্নেয়াস্ত্র বিক্রি এবং দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে  এবং পরবর্ত ীতে দেশে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র মালিকদের পিস্তল ও রিভলবার কাছের থানায় জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।  অস্ত্রসহ চলাফেরার ওপর  নিষেধাজ্ঞা আরোপ এবং আমর্স ডিলারদের অস্ত্র বিক্রি এবং দোকান খোলা রাখার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়।

বুধবার স্বরাষ্ট মন্ত্রণালয় এসংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈধ পিস্তল এবং রিভলবার জমা দেওয়ার জন্য তিন দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ সময়সীমা ২৮ ফেব্্রুয়ারি পর্যন্ত বিভিন্ন থানায় জমা পড়ে ছয় হাজার ৬৭৬টি। দুই হাজার ৮৭১ জন তাদের রিভলবার-- পিস্তল  জমা দেননি। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে যেসব বিশিষ্ট ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে না।

দেশে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৫১৫টি। এরমধ্যে রিভলবার ও পিস্তলের সংখ্যা ৯৫৪৭টি। বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা রক্ষার কাজে এবং শুটিং ফেডারেশন, রাইফেলস ক্লাবের ব্যবহার করা ৫২০টি রিভলবার ও  বন্দুক জমা দেওয়ার কোনো নির্দেশ ছিল না। শটগান, বন্দুক ও রাইফেলও জমা দেওয়ার নির্দেশ ছিল না।

ব্রিটিশ আমল থেকে শুরু করে এ যাবত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মোট সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৯১৪টি। নবায়ন না করায় এ পর্যন্ত ৭৫ হাজার ৩৯৯টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।