২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুজন হত্যা মামলার ডেথ রেফারেন্সে রায় দেওয়া শুরু

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সাংসদ এবিএম শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের বিষয়ে রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেওয়া শুরু করেছে। বুধবারও এ রায় প্রদান অব্যাহত থাকবে।

২০০১ সালের ৩ জুলাই ঢাকার জোনাকী সিনেমা হলের সামনে থেকে অপহৃত হন বিএনপি নেতা সুজন। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ৪ জুলাই প্রথমে অপহরণ মামলা ও পরে আসামীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। 

২০০৪ সালের ১৭ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল এ মামলার আসামী কাজল জালালীকে মৃত্যুদণ্ড এবং ব্রাক্ষ্মনবাড়িয়ার বিএনপি নেতা ও লিব্রা ফার্মাসিউটিক্যালসের মালিক ডা. রওশন আলম, ইব্রাহিম, জিয়াউদ্দিন বায়েস ও হুমায়ুন কবিরকে যাবজ্জীবন প্রদান করে। ওই আদালত অপর চার আসামীকে খালাস প্রদান করে।

এ রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামীরা হাইকোর্টে আপিল দায়ের করে। ডা. রওশন আলমের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র এডভোকেট টি এইচ খান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম ওয়ালিউর রহমান খান।