মানহানির মামলায় আমাদের সময় ও ইনকিলাব সম্পাদকের নামে সমন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব এইচ এম গোলাম রেজা ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এম এ হাদীর দায়ের করা দুটি পৃথক মামলায় সমন জারি করা হয়েছে দৈনিক আমাদের সময় ও দৈনিক ইনকিলাবের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকদের বিরুদ্ধে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম রেজার দায়ের করা মামলায় দাবি করা হয় গত ২২ ফেব্র“য়ারি আমাদের সময় পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘এরশাদের ছায়াসঙ্গী রেজা ৬ মামলার আসামী, জাপা ও সাতক্ষীরায় তোলপাড়’ শীর্ষক প্রতিবেদনে তার সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে। এই মামলায় প্রতিবেদক মোঃ শামসুদ্দিন এবং আমাদের সময়ের সম্পাদক ও প্রকাশক নাঈমুল হাসান খানকে আসামী করা হয়েছে। আদালত অভিযুক্তদের আগামী ৮ মে তারিখের শুনানিতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।
গোলাম রেজার পক্ষে মামলা পরিচালনা করেছেন মো. হারুনর রশিদ খান।
অপরদিকে দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও প্রতিবেদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি করেছেন বিএমএ সভাপতি এম এ হাদী। গত ২৬ ফেব্র“য়ারি ‘বিএম এ নেতা ডা. হাদীর বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে তার মানহানি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
একই আদালতে বিএমএ ভবনের জমির মালিকানার দাবি করা ৩৫/৯ শান্তিনগরের বাসিন্দা নাজিম হাবিবুজ্জামানের বিরুদ্ধেও একটি মানহানির মামলা করেছেন ডা. হাদী।
এই দুটি মামলাতেই অভিযুক্তদের আগামী ৮ মে তারিখের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
