ইকবাল ঋণগ্রস্ত কিন্তু স্ত্রী ও সন্তানের আছে ৮ কোটি টাকার সম্পত্তি!
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে নিজেকে ঋণগ্রস্ত দাবি করেছেন ডা. এইচবিএম ইকবাল। স্থাবর--অস্থাবর সব মিলিয়ে তার সম্পত্তির যে অর্থমূল্য, ব্যাংকঋণ তার চেয়েও প্রায় ৮৬ লাখ টাকা বেশি। তবে তার স্ত্রী ও সন্তানদের নামে আছে প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকার সম্পত্তি।
একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর ১২ টায় এইচবিএম ইকবালের পক্ষে স্ত্রী ডা. মমতাজ বেগম দুদকে সম্পদের হিসাব দেন।
হিসাব বিবরণীতে বলা হয়েছে, ইকবালের নামে ২৭ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৭শ ৯৯ টাকা ৪৯ পয়সার স্থাবর--অস্থাবর সম্পত্তি রয়েছে। অথচ বিভিন্ন ব্যাংকে তার ঋণের পরিমাণ ২৮ কোটি ২ লাখ ১২ হাজার ১শ ২১ টাকা ২৪ পয়সা।
এ হিসাবে আওয়ামী লীগের সাবেক এই সাংসদের কাছে ব্যাংকের পাওনা ৮৫ লাখ ৫০ হাজার ৩শ ২১ টাকা ৭৫ পয়সা।
ইকবালের স্ত্রী মমতাজ বেগমের নামে রয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৮শ ৯৪ টাকা ৬৬ পয়সার সম্পত্তির। ব্যাংকে তার দেনা ২ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। দায় বাদে মমতাজ বেগমের সম্পত্তির অর্থমূল্য ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৮শ ৯৪ টাকা ৬৬ পয়সা।
ডা. ইকবালের বড় ছেলে মনি ইকবালের রয়েছে ৮৮ লাখ ১১ হাজার ৩শ ২৮ টাকা ২৯ পয়সার সম্পত্তি।
ছোট ছেলে ইমরান ইকবালের নামে রয়েছে ৫৭ লাখ ৬৫ হাজার ৮৪ টাকা ৮৮ পয়সার স্থাবর--অস্থাবর সম্পত্তি।
এছাড়া, ইকবালের মেয়ে নওরিন ইকবালের সম্পত্তির দাম ৪ কোটি ৮৯ লাখ ৩ হাজার ২শ ৬২ টাকা।
