কামাল মজুমদারসহ চার জনের আটকাদেশ অবৈধ: হাইকোর্ট
আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার কর্মকর্তা আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচারক আমিনুল ইসলামের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। একইসঙ্গে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়, এসব ব্যক্তিদের অবৈধভাবে আটক করা হয়েছে।
আবেদনের বিরোধীতা করে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেছিলেন, জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা যায় না। এরপরও আদালত ওই আটকাদেশকে অবৈধ ঘোষণা করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীর ওবিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকাদেশের বৈধতা নিয়ে মামলার শুনানিও এ বেঞ্চে বিচারাধীন রয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে রায় দেওয়ার কথা রয়েছে।
উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আটক ব্যক্তিদের কৌঁসুলী ব্যরিস্টার মওদুদ আহমেদ ও ব্যরিস্টার রফিকউল হক সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের এই রায়ের ফলে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির পথ সুগম হলো।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে যৌথবাহিনী আটক করে। এর পরদিন তাকে এক মাসের অটকাদেশ দেওয়া হয়। এরপর তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আবুল বাসেত মজুমদার।
প্রশিকার উপপরিচালক আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচালক আমিনুল ইসলামকেও ১১ জানুয়ারি গ্রেফতার করে পরদিন এক মাসের আটকাদেশ দেওয়া হয়। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন।
কাফরুলের ওয়ার্ড কমিশনার কাইয়ুম খানকে ১২ জানুয়ারি গ্রেফতার করে আটকাদেশ দেওয়া হয়। পরে তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যাবিস্টার মওদুদ আহমেদ।
