সাভারে নকল রংয়ের কারখানা আবিষ্কার
সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে যৌথবাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে নকল রংয়ের কারখানা আবিষ্কার করেছে।
এ কারখানায় উৎপাদিত রং বার্জার পেইন্টস নাম দিয়ে বাজারজাত করা হতো। অভিযানের সময় কারখানার মালিকসহ চারজনকে আটক ও রং তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া যৌথবাহিনী নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ব্রজেন্দ্রনাথ ভদ্র ও সোহরাব হোসেনের নেতৃত্বে বুধবার রাত ৮ টার দিকে যৌথবাহিনী বাজার বাসস্ট্যান্ডের পাশে ‘মেসার্স ওসমান হার্ডওয়ার’ নামের একটি দোকানে অভিযান চালায়। সেখানে পাওয়া যায় ৮৬ গ্যালন ভেজাল বার্জার পেইন্টস ও এগুলো তৈরির বিপুল সরঞ্জাম।
এ অভিযানের সময় ওসমান হার্ডওয়ারের মালিক আ. আজিজ, ভেজাল রং কারখানা মালিক রেজাউল করীম, কর্মচারী হামিদ ও আ. হালিমকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাদের স্বীকারোক্তি অনুযায়ী এরপর বাজার রোডের ৪২/৪ এ মালঞ্চ আবাসিক এলাকার চৌধুরী ভিলায় তল্লাশি করে রং তৈরির আরও সরঞ্জাম পাওয়া যায়। পরে যৌথবাহিনী কারখানা ও ওসমান হার্ডওয়ার বন্ধ করে দেয়।
এসআই সোহরাব হোসেন জানান, এক সপ্তাহ চেষ্টার পর এ কারখানাটির সন্ধান পেয়েছেন তারা।
নকল বার্জার পেইন্টস কারখানার মালিক রেজাউল করীম জানান, তার কারখানায় রং তৈরি করে বার্জার পেইন্টস, বার্জার ডিস্টেম্পার, বার্জার প্লাস্টিক পেইন্ট ও বার্জার ওয়েদার কোট নামে সারাদেশে বাজারজাত করা হতো।
এদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ১নং গেটের সামনে থেকে জাল টাকা তৈরি চক্রের সদস্য মফিজুল ইসলাম, সেকান্দার আলী ও রাসেলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাদের কাছে ৫শ’, ১শ’ ও ৫০ টাকার নোটসহ প্রায় ৫০ হাজার জাল টাকা ও তিনিটি মোবাইল সেট পাওয়া গেছে। তবে চক্রের হোতা চাঁদপুরের মাহবুবুর রহমান অভিযানের সময় পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম জানান, প্রতিদিন ২ শ’ টাকার বিনিময়ে তারা জাল টাকা সরবরাহ করে। মিরপুরের কারখানায় জাল নোট তৈরি করে তাদের নেতা মাহবুবুর রহমান।
সাভার ও ধামরাই সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমান জানান, মাহবুবকে ধরতে অভিযান চলছে।
