ঘুষ নেওয়ার অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার পুলিশের এসআই
ঘুষ নেওয়ার অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর কোতোওয়ালী থানার সাব-ইন্সপেকটর ও সদরঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফসিরউদ্দিন। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতের নির্দেশে তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে রায়সাহেব বাজারের জনসন রোডে অবস্থিত ইসলামিয়া রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাকে সুত্রাপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিজে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এমন একটি মামলার অভিযুক্ত ইউসুফ আলী নামে এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে যৌথবাহিনী। সুত্রাপুর থানার শিক্ষানবীশ সাব ইন্সপেকটর কাজি আরিফউদ্দিন বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় বুধবার ফসির উদ্দিনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত সে আবেদন মঞ্জুর করেন।
অভিযুক্ত ফসির উদ্দিন অবশ্য দাবি করেছেন, যৌথবাহিনীর লোকেরা তাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে।
এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার সাব ইন্সপেকটর জিল্লুর রহমান নফহবংি২৪.পড় কে বলেন, “অভিযুক্ত ব্যক্তি, সাক্ষী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে আমাকে।”
অন্যদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “আমি শুনেছি আমাদের থানার একজন এসআইকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই।” তিনি বলেন, “এ ব্যাপারে আমার কিছুই করার নেই। মামলাটির তদন্ত হতে দিন আগে।”
