২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ব্যাপারে নির্দেশনা দিতে দায়িত্ব পেল দুটি মন্ত্রণালয়

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি বিশ্লেষণ করে দিকনির্দেশনা দেওয়ার জন্য যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এ দুই মন্ত্রণালয় বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কি না তা খতিয়ে দেখবে এবং বৃদ্ধি পেলে কী কারণে হয়েছে তা চিহ্নিত করবে।

সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, বাজার বিশ্লেষণ শেষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে।

তিনি বলেন, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর সার্বিক প্রতিবেদন উপস্থাপন করে। এ প্রতিবেদনে বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পণ্য মজুদ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ, পণ্য পরিবহনে চাঁদাবাজি প্রতিরোধসহ সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধ, অহেতুক ব্যবসায়ীদের হয়রানি না করা, এল সি করা মালামাল দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া, ব্যাংকে এলসি খোলার প্রক্রিয়া দ্রুত করা এব্ং বিভিন্ন ধরনের আড়ত বাড়ানো।

ফাহিম মুনয়েম আরও জানান, বাজারদর স্থিতিশীল রাখতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে যে আলোচনা শুরু করেছে তা অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের পরামর্শমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা মাঠ পর্যায়েও অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং যৌথবাহিনী একযোগে কাজ করবে।

এক প্রশ্নের উত্তরে ফাহিম মুনয়েম বলেন, গত বছরের তুলনায় এ বছরের এলসি খোলার হার প্রায় অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়াও তিনি জানান, প্রায় নিষ্ক্রিয় হওয়া টিসিবি’কে কীভাবে সক্রিয় করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।