সার্ক বাণিজ্য মন্ত্রীরা সেবাখাত নিয়ে আলোচনা করবেন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী সপ্তাহে সাফটা মন্ত্রিপরিষদের (এসএমসি)--এর দ্বিতীয় বৈঠকে এ অঞ্চলে সেবা খাতের বিশাল সুযোগ নিয়ে আলোচনা করা হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ প্রতিনিধি দলের ওই সদস্য নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা আশা করছি বৈঠকে সেবা খাত নিয়ে বিস্তারিত আলোচনা হবে।” তিনি জানান, ঢাকায় ২০০৬ সালের প্রথম বৈঠকে সেবা খাতের ব্যাপারে একটি গবেষণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল বলে তিনি জানান। কাঠমান্ডু বৈঠকে ওই গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করা হবে। গবেষণাটি এখনও চলছে।
সাফটা চুক্তির বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত এসএমসি গত বছর জুলাইয়ে চালু হওয়া সাফটার বাস্তবায়ন নিয়েও সভায় পর্যালোচনা করবে।
দক্ষিন এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল যাবে আগামী রোববার।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন : বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তফা মহিউদ্দীন (তিনি বিশেষজ্ঞ কমিটিতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন), উপসচিব জিয়াউল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ বিন মোমেন, শুল্ক কমিশনের মোস্তফা আবেদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের আবু ইউসুফ।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, শনিবার ও রোববার বিশেষজ্ঞ কমিটির বৈঠক হবে এবং এসএমসির বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার।
সাফটায় আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে মঙ্গলবার আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
