২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের সংশোধিত ফৌজদারি কার্যবিধিতে অসঙ্গতি রয়েছে’

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার সর্বশেষ আইনি প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ ২২ ফেব্র“য়ারি পর্যন্ত পরীক্ষা করে দেখবে আদালত। ওই দিন পর্যন্ত বিষয়টির শুনানি মুলতুবি করেছে আপিল বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর আগে ১৪ ফেব্র“য়ারি অধ্যাদেশটি সরকার আদালতে উপস্থাপনের পর তা মাযদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য আদালত ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত সময় নিয়েছিল।

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগে সোমবার ফৌজদারি কার্যবিধি সংশোধনীর বেশ কিছু অসঙ্গতির চিত্র তুলে ধরেন মাযদার হোসেন মামলার বাদী পক্ষের কৌসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম।

ব্যারিস্টার আমীর বলেন, এ সংশোধনীতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে যা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও মাযদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এ অবস্থা বজায় থাকলে বিচার বিভাগ আলাদা হবে নামমাত্র।

তিনি আরো বলেন, বিচার বিভাগ আলাদা করতে চাইলে জায়গা--জমি বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করতে হবে। আদালত এ পর্যায়ে বলেন, ফৌজদারি কার্যবিধি আদালতের পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ব্যারিস্টার আমীর বলেন, ফৌজদারি কার্যবিধির সংশোধনীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আলাদা করা হয়েছে। কিন্তু সংশোধনীর ১২ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা মাযদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। 

তিনি বলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ হাইকোর্টের অধীনে নয়। আদালত বলেন, মাঝে--মধ্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দিলে সংবিধান লঙ্ঘিত হয়।

এ পর্যায়ে আদালত বলেন, আদালত ফৌজদারি কার্যবিধির সংশোধনী দ্বিতীয় এবং তৃতীয় দফা পর্যালোচনা করছে। বাদী পক্ষের উপস্থাপিত অসঙ্গতির চিত্রও পরীক্ষা নিরীক্ষা করা হবে। আদালত চূড়ান্ত পর্যালোচনার সময় সব অসঙ্গতি দুর করবে।

বিচার বিভাগ আলাদা করার রায় অপব্যাখ্যাকারী নয় সরকারি কর্মকর্তার কৌসুলী টি এইচ খান তাদেরকে আদালতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে ২২ ফেব্র“য়ারি নয় কর্মকর্তাকে হাজির থাকতে বলেন।

প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি বিচার বিভাগ পৃথককরণের রায় বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা জারি করে।

এরপর গত ১১ ফেব্র“য়ারি ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ জারি করে এ সরকার কার্যত বিচার বিভাগ আলাদা করার সব প্রক্রিয়া সম্পন্ন করে।