পাঁচ দিনের রিমান্ডে ডেমরার সাবেক সাংসদ সালাহউদ্দিন
রাজধানীর শ্যামপুর থানার আলাদা তিন মামলায় ডেমরার সাবেক সাংসদ বিএনপির সালাহউদ্দিন আহমেদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত।
রোববার সালাহউদ্দিনের উপস্থিতিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র আইন এবং দ্রুত বিচার আইনের আলাদা তিনটি মামলায় সাত দিন করে মোট একুশ দিনের রিমান্ড চেয়েছিল শ্যামপুর থানা পুলিশ।
শুনানি শেষে দ্রুত বিচার আইনের মামলায় একদিন রিমান্ড মঞ্জুর করেন হাকিম এমএ সালাম। অন্য দু মামলায় দুদিন করে চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেন হাকিম শামসুল আলম।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সতর্কতা অবলম্বন করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
সালাহউদ্দিন গত ১২ ফেব্র“য়ারি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের আলাদা দুটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের পর জামিন চান। আদালত তার জামিন মঞ্জুর না করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
১৩ ফেব্র“য়ারি এ দু মামলায় সাত দিন করে মোট চৌদ্দ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রোববার সালাহউদ্দিনের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে।
শ্যামপুরের জুরাইনের বাসিন্দা হাজী মো: কফিল উদ্দিন ২০০৫ সালের তিন ফেব্র“য়ারি চাঁদা দাবি, জোর করে সম্পত্তি দখল, ভাঙচুর-লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সালাহউদ্দিনের বিরুদ্ধে গত ১৪ ফেব্র“য়ারি দ্রত বিচার আইনে শ্যামপুর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় রোববার গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।
আদালতে তিন মামলাতেই রিমান্ড আবেদন বাতিল করে সালাহউদ্দিনের জামিন চান তার আইনজীবী সানাউল্লাহ মিঞা।
দ্রুত বিচার আইনের মামলায় আদালতে বাদীর এজাহারে বলেন, তার পৈতৃক সম্পত্তির কিছু অংশে স্কুল নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেন তিনি। ২০০৫ সালের জানুয়ারি মাসে সালাহউদ্দিন আহমেদ ও তার সহযোগী ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হাজী আব্দুর রাশেদ বাদশা ভরাট কাজে বাধা দেন এবং কাজ চালাতে হলে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সালাহউদ্দিন তাকে গুলি করে হত্যার হুমকি দেন।
বাদী আরো বলেন, চাঁদার টাকা না পেয়ে সে বছরেরই তিন ফেব্র“য়ারি রাত একটার দিকে বাদশাসহ অজ্ঞাতনামা একশ থেকে দেড়শ সন্ত্রাসী লোহার রড, বন্দুক, হকিস্টিক নিয়ে তার বাড়িতে সমবেত হয়। ওই সময়েই পাজেরো গাড়ি করে হাজির হন সালাহউদ্দিন। তার হুকুমে সন্ত্রাসীরা বাদীর কাঁচা বাড়ী ভাঙচুর করে এবং টিনের বেড়া খুলে নিয়ে যায়। এতোদিন সালাহউদ্দিনের হুমকিতে বাদী মামলা করতে পারেননি বলে উল্লেখ করা হয়।
সালাহউদ্দিনের আইনজীবীরা আদালতে বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভূয়া অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
তারা বলেন, “দু বছর আগের ঘটনার অভিযোগে কিভাবে দ্রুত বিচার আদালতে মামলা হয়। এ সময়ের মধ্যে বাদী ঘটনা সম্পর্কে গোপন একটি জিডি করেননি কেন।”
এসময় আদালতে সালাহউদ্দিনও নিজেকে নির্দোষ দাবি করেন।
অন্য দু মামলায় রিমান্ড আবেদন বাতিল করে সালাহউদ্দিনের আইনজীবীরা বলেন, তার নাতী নাতনীরা শোপিস হিসেবে তলোয়ার ও ছুরি বাসায় রেখেছিল। আর বিদেশি মুদ্রার পরিমাণ সালাহউদ্দিন ও তার স্ত্রীর পাসপোর্টে সংযুক্ত করা ছিল।
