২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের কথা ভাবা হচ্ছে : আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উপজেলা নির্বাচন আয়োজনের চিন্তা ভাবনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের ৩ দশক পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।  উপদেষ্টা জানান, উপজেলা নির্বাচনের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অচিরেই জানানো হবে উপজেলা নির্বাচন হবে কি না এবং হলে কবে নাগাদ তা হতে পারে।

আনোয়ারুল ইকবাল দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে সাংবাদিকদের সহযোগিতা করারও আহ্বান জানান। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে।”

তিনি জানান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েও যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসকদের মাধ্যমে পালিয়ে বেড়ানো ঐসব জন প্রতিনিধিদের তালিকা করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা। যে কোন কারণেই হোক একটি ভিন্ন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে এবং নির্বাচন আমরা কত তাড়াতাড়ি করতে পারবো এ ব্যাপারে নিজেরাও ঠিক বুঝে উঠতে পারছি না।”

তাঁর মতে, এ নির্বাচনের সাথে অনেক কিছু জড়িত। নতুন ভোটার তালিকা তৈরি না বর্তমান তালিকা হালনাগাদ করা হবে এবং ভোটার পরিচয়পত্র নাকি জাতীয় পরিচয়পত্র তৈরি করা হবে তা নিয়ে বিতর্কের সমাধান না হওয়ায় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না।

আনোয়ারুল ইকবাল বলেন, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত ছিল বলেই এ অঞ্চলে সর্বহারাদের মতো গোপন সংগঠনের জন্ম হয়েছে। উন্নয়ন প্রক্রিয়াকে তরান্বিত করতে পারলে সন্ত্রাস আপনা-আপনি বন্ধ হয়ে যাবে।”

মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে বাগেরহাট জেলা পরিষদের নবনির্মিত কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্য্ন অধ্যাপক আব্দুস সালাম, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, পুলিশের খুলনা রেঞ্চের ডি.আই.জি মো. মেজবাহুন্নবী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন এবং বাগেরহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শওকত আলী বাদশা ও সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সাহা।