ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ পরীক্ষা করে দেখছে সুপ্রিম কোর্ট
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার সর্বশেষ আইনি প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ বুধবার সকাল পৌনে দশটায় আপিল বিভাগে উপস্থাপন করেছে সরকার। অধ্যাদেশটি মাযদার হোসেন মামলার বার দফা নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য আদালত আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগে সকাল ৯ টা ৪০ মিনিটে এটর্নি জেনারেল ফিদা এম কামাল ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশটি আদালতে উপস্থাপন করেন।
আদালত বলেন, অধ্যাদেশটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। এ বিষয়ে শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতুবি করা হলো। শুনানি মাত্র চার মিনিট ধরে চলে।
এ পর্যায়ে মাযদার হোসেন মামলায় বাদীপক্ষের কৌসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম পৃথককরণের ১২ দফা নির্দেশনার সঙ্গে সরকারের জারি করা জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনীর অগ্রগতির চিত্র হলফনামা আকারে আদালতে উপস্থাপন করেন। তিনি এতে পৃথককরণের রায় বাস্তবায়নের জন্য কিছু সুপারিশও পেশ করেন।
প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি বিচার বিভাগ পৃথককরণের রায় বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা জারি করে।
এরপর গত ১১ ফেব্র“য়ারি ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ জারি করে এ সরকার কার্যত বিচার বিভাগ আলাদা করার সব প্রক্রিয়া সম্পন্ন করে।
