২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ২০০ কোটি টাকার জমি উদ্ধার, ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নগরীর উত্তরায় অভিযান চালিয়ে সোমবার পাঁচ বিঘার একটি বাণিজ্যিক প্লট দখলমুক্তসহ কমপক্ষে তিনশ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দখলমুক্ত করা মোট জমির দাম প্রায় দুইশ’ কোটি টাকা বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আ স ম ইমদাদুদ দস্তগীর এবং নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর শতাধিক সদস্য উত্তরা ৭ নং সেক্টরে সকাল সাড়ে ১০ টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত একটানা এ অভিযান চালায়।

অভিযানের শুরুতেই মাসকট প্লাজার কাছে উত্তরা ৭নং সেক্টরের প্রধান সড়কের ওপর রাজউকের পাঁচ বিঘার একটি বাণিজ্যিক প্লট দখলমুক্ত করা হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল জমিটি দখল করে এর ওপর আধাপাকা একটি টিনশেড মার্কেট গড়ে তুলেছিল। অভিযানকারী দল বুলডোজার দিয়ে মার্কেটটির প্রায় দুইশ’ দোকান গুঁড়িয়ে দেয়। এসময় কয়েকজন দোকান মালিক বুলডোজারের সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

এরপর রাজউকের শ্রমিকরা জমিটির চারপাশে কাঁটাতাড়ের বেড়া দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।   

রাজউকের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীম নফহবংি২৪.পড়স কে জানান, দীর্ঘদিন থেকে দখল হয়ে থাকা এই জমিটিতে ১৫টি বাণিজ্যিক প্লট রয়েছে। এগুলোর কয়েকটি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাদবাকিগুলো বরাদ্দের প্রক্রিয়াধীন আছে। কিন্তু বরাদ্দপ্রাপ্তরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়েও তাদের দখল বুঝে পাচ্ছিলেন না।         

কাঠা প্রতি দেড় কোটি টাকা হিসেবে উদ্ধার করা জমিটির দাম প্রায় দেড়শ’ কোটি টাকা বলেও রাজউক নির্বাহী প্রকৌশলী জানান।

অভিযানকারী দল পরে পাশের ১৫ তলা সাঈদ গ্রান্ড টাওয়ারে অভিযান চালায়। বহুতল এই ভবনটির বেজমেন্টে অবৈধভাবে একটি হাসপাতাল গড়ে তোলা হয়েছিল। রাজউকের দল তা ভাঙ্গার উদ্যোগ নিলে এসটি রহমান হাসপাতাল অ্যান্ড ক্লিনিক নামে হাসপাতালটির কর্মকর্তারা নিজেরাই স্থাপনা অপসারণের জন্য একদিন সময় চান। রাজউক কর্মকর্তারা এ ব্যাপারে লিখিত অঙ্গীকারনামা দেওয়ার কথা বললে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত দেয়। তবে ভবনটির প্রবেশ পথের সিঁড়ি এবং র্যাম্প ভেঙ্গে দেওয়া হয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেন, “হাসপাতালে থাকা ক্লিনিকাল সরঞ্জাম এবং রাসায়নিক দ্রব্যের বিষয়টি বিবেচনা করে তা সরিয়ে নেওয়ার জন্য একদিন সময় দেওয়া হয়েছে। তারা এর মধ্যে ওই স্থাপনা সরিয়ে না নিলে আমরা আবার অভিযান চালাবো।”

দুপুরের পর রাজউক দলটি বহুতল ডিএনএস টাওয়ারে অভিযান চালায়। ভবনটির বেজমেন্টে গাড়ি পার্কিং এর জায়গায় অননুমোদিতভাবে গড়ে তোলা কমপক্ষে ৩০টি দোকান বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়।

ডিএনএস টাওয়ারে অভিযান শেষে পাশেই রাজউকের মালিকানাধীন এক বিঘা আয়তনের একটি এবং ১০ কাঠা আয়তনের আরও দুটি প্লট দখলমুক্ত করা হয়। প্লট দুটি দখল করে মটর গ্যারেজসহ কমপক্ষে ২০টি আধা পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। দখলমুক্ত করা এই জমির মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে রাজউক কর্মকর্তারা জানান।

এ ছাড়া বিকেলে অভিযানের শেষ পর্যায়ে ৭ নং সেক্টর থেকে রাজউক কলেজের সামনে পর্যন্ত রাস্তার দু পাশের অর্ধশতাধিক আধা পাকা ও কাঁচা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।