ডেমরার সাবেক সাংসদ সালাহউদ্দিনের আত্মসমর্পন
ঢাকা--৪ আসনে বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পন করেছেন। (আরও তথ্যসহ)।
অস্ত্র ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ৮ ফেব্র“য়ারি পুলিশের দায়ের করা আলাদা দুটি মামলায় সোমবার দুপুর ১টার দিকে তিনি আত্মসমর্পন করেন।
মহানগর হাকিম মামুন আল রশিদ ডেমরার এই সাবেক সাংসদের জামিন আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালতে জামিন আবেদনের শুনানির সময় নিজের আইনজীবীর পাশাপাশি সালাহউদ্দিন আহমেদও হাকিমের সামনে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, “ঢালাওভাবে এখন রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ন বলা হচ্ছে।”
সালাউদ্দিনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “সাবেক সাংসদের বাসা থেকে ৫ হাজার ৪শ আমেরিকান ডলার, ৭ হাজার ৪শ ১৯ সৌদি রিয়াল, ১৫শ ৫০ বাথ এবং তিনটি তলোয়ার ও একটি ছোরা উদ্ধার করে যৌথবাহিনী। ছোরা ও তলোয়ার সালাহউদ্দিনের বাসায় শোপিস হিসাবে ছিল। তিনি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলেন। তার দুই ছেলে আমেরিকায় থাকে। এ কারণে বাসায় কিছু বিদেশি মুদ্রা ছিল।”
