২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ অনুমোদন

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ অনুমোদন করেছেন। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার শেষ বাধা দূর হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 10:47 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এর আগে ২১ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা চারটি আদালতে উপস্থাপনের পর ১ ফেব্র“য়ারির মধ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করার নির্দেশ দেয় আপিল বিভাগ। কিন্তু ১ ফেব্র“য়ারি  নির্বাহী ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করতে আদালতের কাছে সময় চায় সরকার।

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ সেদিন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্র“য়ারি পর্যন্ত শুনানি মুলতুবির আদেশ দেয়।

আদালতকে অতিরিক্ত এটর্নি জেনারেল বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। অধ্যাদেশটি জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। অধ্যাদেশটির খসড়া তৈরি করে আইন উপদেষ্টার স্বাক্ষরসহ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। এ প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির অনুমোদনের জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে  ১২ দফা নির্দেশনা দেয়। এ রায়ে বাস্তবায়নের জন্য সরকারকে বারবার সময় বেঁধে দিলেও বিভিন্ন সরকার (আওয়ামী লীগ ৭ বার তত্ত্বাবধায়ক সরকার ৩বার, বিএনপি ১৬ বার) অন্তত ২৬ বার সময় নেয়।