২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ হলো পতেঙ্গা সৈকতের দোকান

পানি উন্নয়ন বোর্ড রোববার পতেঙ্গা সমূদ্র সৈকতের সংযোগ সড়ক ও পাউবো বাঁধের উপর নির্মিত দোকান উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গত সপ্তাহে উচ্ছেদের নোটিশ পেয়ে অনেক দোকানি নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নিয়ে যান।  রোববার পুলিশের সহায়তায় বাদবাকি ৪১৬টি দোকান রোববার ভেঙে ফেলে পাউবো। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বদরুল হক ও পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান এ সময় উপস্থিত ছিলেন।

আবদুল মান্নান খান বলেন, ভাড়ার বিনিময়ে দোকান পরিচালনা করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পাউবোর সঙ্গে বৈঠকে সেই শর্তে রাজিও হন দোকান মালিকরা। কিন্তু পরে গুটিকয়েক দোকানি ছাড়া কেউ এ ব্যাপারে আগ্রহ দেখাননি।

তিনি জানান, তিন মাস অপেক্ষা করার পর দোকানিদের সাড়া না পেয়ে পাউবো বন্যা উন্নয়ন বাঁধের ওপর স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।   

এদিকে, পতেঙ্গা সমুদ্র দোকান মালিক সমবায় সমিতির সভাপতি শামসুল আলম নির্বিচারে সব দোকান উচ্ছেদের বিরোধিতা করেছেন। তিনি বলেন, পাউবোর শর্তে রাজি হয়ে ৫৮ জন মালিক দোকান ভাড়া নেয়ার জন্য টাকা পরিশোধ করেছে। কিন্তু রোববার সব দোকান ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, পাউবো সমবায় সমিতিকে দোকান ভাড়া বাবদ দুই কোটি ৫৩ লাখ টাকা পরিশোধ করতে বললেও তারা মাত্র চার লাখ ৫৩ হাজার টাকা দিয়েছে।