২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক হত্যার অভিযোগে কুষ্টিয়ায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় কৃষক হত্যার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী। রোবাবার কুষ্টিয়ায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। ১১ জানুয়ারি পুলিশের গুলিতে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের কীত্তিনগর গ্রামের কৃষক আবু দাউদ নিহত হন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মামলার এজাহারে বলা হয়, ১১ জানুয়ারি ভোরে গ্রামে ডাকাত পড়েছে শুনে দাউদ বাড়ি থেকে বেরিয়ে আসেন। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দারোগা জালাল ও শিক্ষানবিস সাব ইন্সপেক্টর ফারুক তাকে ধরে নিয়ে যায়। তিনি মুক্তি পাওয়ার জন্য কাকুতি--মিনতি জানালেও ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তাকে বেদম মারধর করেন। এক পর্যায়ে ওই তিন পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করে।

কৃষক আবু দাউদদের স্ত্রী রোমেছা খাতুনের দায়ের করা মামলাটি গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ। পরে অনুমোদনের জন্য সেটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিকে, ঘটনার পরপরই মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সরেজমিনে তদন্ত শেষে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ডাকাত পালিয়ে যাওয়র পর পুলিশের চিৎকার শুনে দাউদ এগিয়ে আসে। এ সময় গ্রামবাসী চার কৃষককে পুলিশ বেধড়ক মারপিট করে। পিটুনির এক পর্যায়ে দাউদ মারা গেলে পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মৃতদেহে গুলি চালিয়ে ক্রসফায়ারে ডাকাত নিহত হয়েছে বলে প্রচারণা চালায়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার ময়নুল ইসলাম বিষয়টি আদালতের হওয়ায় কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আদালত যা নির্ধারণ করবে তাই-ই হবে।”