ভারতের কাছ থেকে শর্ত ছাড়া বিদ্যুৎ কিনতে চায় বাংলাদেশ
ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনতে কোনো শর্ত মানবে না বাংলাদেশ। জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাফ জানিয়ে দিলেন কোনো শর্ত ছাড়া ভারত বিদ্যুৎ বিক্রি করতে রাজি হলেই কেবল তা কেনার বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক কুনিয়ো সেঙ্গার সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে তপন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
তপন চৌধুরী বলেন,“এ ধরনের একটি প্রস্তাব ভারতের পক্ষ থেকে এসেছে। তবে এক্ষেত্রে ভারত যদি কোনো শর্ত জুড়ে না দেয় তবেই তা বিবেচনা করা হবে। একইসঙ্গে প্রস্তাবটি লাভজনক হলে সরকার বিষয়টি বিবেচনা করবে।”
এ বিষয়ে ইউএস এইড ভারত থেকে বিদ্যুত কেনার বিষয়ে একটি সম্ভাব্যতা যাচাই সংক্রান্তু প্রতিবেদন আগামী সপ্তাহে সরকারের কাছে উপস্থাপন করবে বলে জানান তপন চৌধুরী।
কুনিয়ো সেঙ্গা বলেন,“ভারত থেকে বাংলাদেশ যদি বিদ্যুত আমদানী করতে চায় তবে সে বিষয়ে মধ্যস্থতা করতে চায় এডিবি।”
ভারতের পক্ষ থেকে কি ধরনের শর্ত থাকতে পারে বলে মনে করেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জ্বালানী উপদেষ্টা বলেন,“করিডোর, বন্দর সুবিধা বা দ্বিপাক্ষিক চুক্তিসহ ভারত অন্য কোনো বিষয়ে শর্ত জুড়ে দিলে সরকার তা গ্রহণ করবেনা।”
তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে কুনিয়ো সেঙ্গা বলেন,“দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যাবে।” এ বিষয়ে সরকারকে যে কোনো ধরনের সহায়তা দিতে এডিবি প্রস্তুত বলে জানান এডিবি কর্মকর্তা।
