রূপালী ব্যাংক হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা
রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার সৌদি যুবরাজের কাছে হস্তান্তরের সময়সীমা দ্রুত পার হয়ে যাচ্ছে। আগামী ১৪ ফেব্র“য়ারির মধ্যে মালিকানা হস্তান্তরের কথা থাকলেও এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষণ দেখা যাচ্ছে না।
বেসরকারিকরণ কমিশনের এক কর্মকর্তা সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, টেন্ডারে বিজয়ী দরদাতা হিসাবে সৌদি যুবরাজ বান্দর বিন মোহাম্মদ বিন আব্দুলরহমান আল--সাউদের কাছে সরকার রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মালিকানা হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়। এ জন্য যুবরাজের সঙ্গে প্রাথমিক সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় এখনও অমিমাংসিত রয়ে গেছে।
তিনি আরও বলেন, “চুক্তিটি নির্দিষ্ট সময়ে আদৌ করা যাবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “যথাসময়ে চুক্তি স্বাক্ষরের জন্য বেসরকারীকরণ কমিশন সৌদি যুবরাজের স্থানীয় প্রতিনিধির উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য অর্থ উপদেষ্টার সাহায্য চেয়েছে। ”
যুবরাজ বান্দর ৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়ে দরপত্র বিজয়ী হন। এর পর গত বছরের ডিসেম্বর মাসে তিনি শেয়ারের মালিকানা হস্তান্তরের আগে ২২টি বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানান।
বেসরকারিকরণ কমিশনের কর্মকর্তা জানান, এগুলোর মধ্যে আছে খেলাপি ঋণ, স্বেচ্ছা অবসর প্রকল্প, সরকারি প্রতিষ্ঠান সমূহের অনাদায়ী ও অলস ঋণ এবং কর অবকাশ সুবিধার মতো অমিমাংসিত বিষয়।
তিনি বলেন, সরকারের অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাবও দিয়েছেন সৌদি যুবরাজ।
গত মাসের শেষের দিকে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো বেসরকারিকরণ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, “যুবরাজ যাতে বাংলাদেশে এসে রূপালী ব্যাংকের পুরো শেয়ারের দাম শোধ করতে পারেন সে জন্য তার স্থানীয় প্রতিনিধি ২৪ জানুয়ারি আবারও সরকারকে অমিমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।”
যুবরাজ বান্দরের স্থানীয় প্রতিনিধিকে উদ্ধৃত করে বেসরকারিকরণ কমিশনের এক উপ-পরিচালক বলেন, “অবশিষ্ট শেয়ার বিক্রি না করলে ব্যাংকের ব্যাবস্থাপনা উন্নয়নে ব্যয় করা একশ কোটি ডলারের আনুপাতিক অংশ সরকারকেও বহন করতে হবে।”
সৌদি যুবরাজ রূপালী ব্যাংকের অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ১৩ কোটি ৪০ লাখ ডলার প্রস্তাব করেছেন। বেসরকারিকরণ কমিশন ২১ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবটি পাঠিয়ে দেয়।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রূপালী ব্যাকেংর ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মালিকানা হস্তান্তরের পরিবেশ সৃষ্টির জন্য সরকার অমিমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুরাহার সিদ্ধান্ত নিয়েছে।
