নাটোরে দুলুর বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোরের বাসায় শনিবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সাবেক ভূমি উপমন্ত্রীর বড় ভাই অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, যৌথবাহিনী নাটোরের আলিপুরে দুলুর বাসায় অভিযানের একপর্যায়ে শোবার ঘর থেকে একটি পয়েন্ট টু টু বোর রাইফেল ও ৭৬ রাউন্ড গুলি এবং ৭ পয়েন্ট ৬৫ এমএম -এর ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি বলেন, অপর একটি দল নলডাঙ্গা থানার রামসাকাজীপুর গ্রামের দুলুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।
তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং আটক অস্ত্রগুলোর লাইসেন্স আছে বলেও তিনি দাবি করেন।
