২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৫০ লাখ টাকার পচা গম ও পোল্ট্রিফিড উদ্ধার

খুলনা মহানগরীর ষ্টেশন রোডে অভিযান চালিয়ে যৌথবাহিনী প্রায় ৫০ লাখ টাকার খাওয়ার অনুপোযোগী ডাল, মেয়াদবিহীন ও ভেজাল হাঁস--মুরগির খাবার (পোল্ট্রি ফিড) উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 11:33 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

খাওয়ার অনুপযোগী ডাল এবং খাদ্যদ্রব্যের সাথে সার রাখার অভিযোগে খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বাগদাদ ট্রেডিং এর মালিক হাজি আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সময়ে মক্কা পোল্ট্রি ফিডের ম্যানেজার মোহাম্মদ আমিনকেও আটক করা হয়।

খুলনা মহানগর হাকিম আতিকুল হকের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালায়। তিনি জানান, নগরীর ষ্টেশন রোডে বাগদাদ ট্রেডিং এর গোডাউনে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১৮৫ বস্তা খেসারির ডাল এবং ১ লাখ টাকা মূল্যের ৬৬ বস্তা মুগ ডাল উদ্ধার করা হয়। এ ডাল অনেক আগের এবং পচা ও খাওয়ার অনুপযোগী। ওই গোডাউনে খাদ্যদ্রব্যের সঙ্গে ১৪৭ বস্তা ইউরিয়া সার রাখা ছিল।

একই অভিযানে ষ্টেশন রোডের ব্যবসায়ী আরিফ গফফারের মক্কা পোল্ট্রি ফিডের গোডাউন থেকে ভেজাল, নিম্নমান এবং মেয়াদের তারিখবিহীন ৪২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ হাজার বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। আটক করা হয় গোডাউনের ম্যানেজার মোহাম্মদ আমিনকে। একই সময় গাউসিয়া ট্রেডার্সের গোডাউন থেকে ৬৯ হাজার ৭০০ টাকা মূল্যের ৮২ বস্তা ভেজাল পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘোষ ট্রেডার্সের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ১০ লাখ ৬৭ হাজার টাকার ১৮শ’ বস্তা বিভিন্ন ধরনের সার উদ্ধার করে যৌথবাহিনী। অবৈধ মজুদদারীর অভিযোগে এ সব সার আটক করা হয়। আটককৃত সারের মধ্যে রয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকার ৪৫০ বস্তা টিএসপি সার, ২ লাখ ৪০ হাজার টাকার ৮শ’ বস্তা ইউরিয়া এবং ৪ লাখ ৬৭ হাজার টাকার ৫৫০ বস্তা মিশ্র সার। এ সময় ঘোষ ট্রেডিং-এর মালিক উমা ঘোষ পালিয়ে যায়।

উল্লেখ্য, আগের দিন বৃহস্পতিবার যৌথবাহিনী নগরীর ৭নং ঘাট এলাকা থেকে ৭ কোটি টাকা মূল্যের পচা গম, ডাল ও চিনি উদ্ধার করে।