নির্দোষ বাবুকে অভিযুক্ত সাজানোর দায়ে পুলিশ কর্মকর্তার শাস্তি আপিল বিভাগে বহাল
নির্দোষ শাহ আলম বাবুকে অভিযুক্ত সুন্দর বাবু হিসেবে সাজানোর দায়ে তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিমের শাস্তি বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারকের আপিল বিভাগ পুলিশ পরিদর্শক রেজাউল করিমের আবেদন খারিজ করে দেয়।
১৯৯৮ সালে ঢাকার সূত্রাপুরের তাহেরবাগ লেনে গাজী লিয়াকত হোসেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মূল অভিযুক্ত সুন্দর বাবুকে বাঁচাতে নির্দোষ শাহ আলম বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মৃতের স্ত্রী এ ঘটনায় যে ১১ আসামীর বিরুদ্ধে মামলা করেছিলেন তাতে একজন আসামির নাম সুন্দর বাবু হিসেবে উল্লেখ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম নির্দোষ শাহ আলম বাবুকে আসামী সুন্দর বাবু সাজিয়ে অভিযোগ পত্র দায়ের করে।
বিচারকালে সাক্ষীরাও আদালতে জানায় আসামি সুন্দর বাবুকে বাদ দিয়ে নির্দোষ শাহ আলম বাবুকে আসামী করা হয়েছে।
২০০৪ সালের ১৮ আগস্ট এ মামলায় ঢাকার অতিরিক্ত দায়রা জজ শামসুল আলম খান নির্দোষ শাহ আলম বাবুকে আসামী সুন্দর বাবু গণ্য করে মৃত্যুদণ্ড দেয়।
শাহ আলম বাবুর আপিলের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শাহ আলম বাবুকে খালাস দেয়। পাশাপাশি ওই রায়ে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে বেআইনি অভিযোগপত্র দেওয়ায় তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিমের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং বিচারক শামসুল আলম খানকে বিচারকার্যের অযোগ্য ঘোষণা করা হয়।
তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগ তা খারিজ করে দেন।
