২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক অচল থাকায় দুর্নীতিবাজদের ধরা যাচ্ছে না: মতিন

দুর্নীতি দমন কমিশন অচল থাকায় সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 03:14 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দুদকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন কমিশনারদের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানান যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। বুধবার পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি--ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান এবং থাইল্যাণ্ডের রাষ্ট্রদূত সুপাথ চিত্রনক।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নির্বাচন কমিশনের সদস্যদের বিদায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার ভালো কাজ করেছে। নির্বাচন কমিশন চলে যাওয়াতে তাদের অগ্রগতি বোঝা যাচ্ছে।

মতিন জানালেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে ইউএনডিপি আশঙ্কা জানিয়েছেন। দেশে দুর্নীতি বাড়ার প্রেক্ষাপটে ইউএনডিপি প্রতিনিধিরা সরকারের করণীয় জানতে চান।

সাংবাদিকদের রেনাটা জানান, পরিষদের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে, দুর্নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে যা শিগগিরই বৈঠকে বসবে। সাংবাদিকদের তিনি আরও বললেন, দুদক সংস্কারে ও দেশের পর্যটন শিল্পের বিকাশে আর্থিক সহায়তা দেবে ইউএনডিপি।

চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপনার ভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া গত সরকারের আমলে চলছিল তা খতিয়ে দেখতে থাইল্যান্ডের দূত উপদেষ্টাকে অনুরোধ করেন। পাশাপাশি তিনি ব্যাংকক থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দরে আসার বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করেন।