৪৮ ঘন্টায় গ্রেপ্তার ৩৫৮২ জন, আগ্নেয়াস্ত্র উদ্ধার ৪৭টি
সারা দেশে সশস্ত্রবাহিনী, পুলিশ ও র্যাবের অভিযানে বুধবার সকাল পর্যন্ত আগের ৪৮ ঘন্টায় ৩৫৮২ জন গ্রেপ্তার এবং ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে ১৩০ জনকে। এদের মধ্যে ১৯ জন চিহ্নিত সন্ত্রাসী এবং ৮১ জন অন্যান্য মামলার আসামী। একই সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা ১০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অন্যদিকে সারা দেশে পুলিশ ও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৩৪৫২ জন। এদের মধ্যে অস্ত্র মামলার আসামি ৩২ জন, বিস্ফোরক মামলার ৬ জন, সাজাপ্রাপ্ত পলাতক ৪৫ জন, পরোয়ানাভূক্ত ১৮৮৬ জন এবং অন্যান্য মামলার আসামী ১৪৮৩ জন।
পুলিশ ও র্যাবের এইসব অভিযানে উদ্ধার হয়েছে ৩৭টি আগ্নেয়াস্ত্র, ২৮টি বিস্ফোরক এবং ৯১৭৩ রাউন্ড গুলি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি রিভলবার, পাঁচটি পাইপগান, সাতটি বন্দুক, নয়টি এলজি, চারটি পিস্তল, ছয়টি শাটারগান ও একটি এয়ারগান।
