কক্সবাজার, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে উৎসবে মেতে উঠেছে কক্সবাজার। সোমবার সকাল থেকেই সৈকত ছিল লোকে লোকারণ্য।
বিকেলে সৈকতে ব্যতিক্রমী এক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজারকে ভোট দেয়ার আহবান জানিয়ে কয়েকটি সংগঠন এ র্যালি বের করে।
'ভোরের স্বপ্ন' নামে সংগঠনের ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার, পৌর চেয়ারম্যান সরওয়ার কামাল, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
থার্টিফাস্ট নাইট উপলক্ষে প্রায় এক মাস আগে থেকেই অধিকাংশ হোটেলের কক্ষ ভাড়া হয়ে গেছে। এদিন কক্সবাজার এসে থাকার জায়গা না পেয়ে অনেককেই এদিক ওদিক ঘুরতে দেখা গেছে।
নকিয়া ও ভিভিড নামে দুইটি সংগঠন সৈকতে ওপেন কনসার্টের আয়োজন করেছে। একটি ফ্যাশন সংগঠন হোটেল সী-গালের সম্মেলন কক্ষে আয়োজন করেছে ফ্যাশন শো'র।
সৈকত এলাকাসহ গোটা কক্সবাজার শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। সম্ভাব্য নাশকতা এড়াতে গত রোববার থেকে শহরের ৩টি প্রবেশ পথে চেক পয়েন্ট বসানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন জানান, এবার ৩৫টি পয়েন্টে রাতভর পুলিশ পাহারা বসানো হয়েছে। এছাড়াও ১০টি টহল দল এবং র্যাবের একটি টিম নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে। এছাড়াও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে আলাদা আরও চারটি দল।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, আনুষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও রাতের অধিকাংশ সময় সৈকত এলাকায় অবস্থান করবেন।
গত বছর পর্যটনের ভর মৌসুমে রাজনৈতিক পরিস্থিতি তুলনামুলক অশান্ত থাকায় পর্যটন রাজধানী কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকদ কম ছিল। এবার ঈদ-উল আযহার পরেই মূলত প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছেন।
সেন্টমার্টিন, হিমছড়ি, ইনানী, মহেশখালী ও ডুলাহাজারা সাফারি পার্কেও ছিল প্রচুর লোক।
ঢাকা থেকে আসা সোমাইয়া লাবণী ও রফিকুর রহমান বলেন, "বিয়ের পর মধুচন্দ্রিমা করতে প্রাকৃতিক সপ্তাচার্যের তালিকায় শীর্ষে থাকা কক্সবাজারের সৈকতে এসেছি। এ এক আশ্চর্য অনুভূতি। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24