২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন

সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি তিনি বুধবার বিকেল সাড়ে চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন। আইয়ুব কাদরী বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন "আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।" সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাদরী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিষ্ণুমূর্তি হারিয়ে যাওয়ার দায় কাঁধে নিয়ে গত সোমবার পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। (আইয়ুব কাদরীর উদ্ধৃতিসহ আপডেট-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 06:37 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি তিনি বুধবার বিকেল সাড়ে চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন। আইয়ুব কাদরী বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পদত্যাগের কথা জানিয়ে বলেন "আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।" সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাদরী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিষ্ণুমূর্তি হারিয়ে যাওয়ার দায় কাঁধে নিয়ে গত সোমবার পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরে তিনি বলেন, "আমার পদত্যাগের বিষয়ে আমি সেদিনই (সোমবার) মিডিয়াকে ইঙ্গিত দিয়েছিলাম। যদিও পুরাকীর্তি দুটি হারিয়েছে এয়ারপোর্ট থেকে যেটি দেশের একটি সংরক্ষিত এলাকা, যেখানে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়ে থাকে। সেখানে অনেক দায়িত্ববান লোকজন রয়েছেন।" তিনি বলেন, "হারানোর বিষয়ে আমারতো কিছু করার নেই। কিন্তু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে আমি মনে করছি এ দায় আমারই। এ বোধ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" গত সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, "সংস্কৃতি উপদেষ্টা হিসেবে এ ঘটনার দায়-দায়িত্ব আমাকে নিতে হবে।" পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "দেখি, বিষয়টি নিয়ে ভাবছি।" এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রাত সোয়া ১২টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইয়ুব কাদরীর পদত্যাগপত্র গ্রহণের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। "আইয়ুব কাদরী সাহেবের পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে অবশ্যই কথা বলব।" তিনি আরও বলেন, "তার পদত্যাগে আমি বিস্মিত হয়েছি। একটুও টের পাইনি। পদত্যাগের কথা শুনে আমি তাকে ফোন করেছিলাম। তিনি আমাকে বলেছেন 'পদত্যাগ করার আগে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি'।" প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস'এর চারটি ট্রাকে করে ১৩টি কার্টনে মোট ১৪৫টি পুরাকীর্তি বিমানবন্দরে নেওয়া হয়। শনিবার এয়ার ফ্রান্সের বিমানে চালানটি তোলার সময় একটি কার্টনের ২টি বিষ্ণুমূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর মঙ্গলবার বাকি পুরাকীর্তিগুলো ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। উপপুলিশ কমিশনার (উত্তরা) খন্দকার রফিকুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এসব মূল্যবান সম্পদ বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছিল না। এ ব্যাপারে পুলিশের কাছে বিশেষ কোনো নির্দেশও ছিল না। র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, প্রথম চালানটি পাঠানোর সময় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলেও দ্বিতীয় চালানটি পাঠানোর সময় র‌্যাবের কাছে নিরাপত্তা চাওয়া হয়নি। পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদী হয়ে রোববার রাতে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। এ মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করে ৫দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/ডিডি/এমএইচবি/০০২১ ঘ.