২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ব্যবস্থায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী পারাপার

রাতভর কুয়াশা ও অতিরিক্ত যানবাহনের কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা ফেরিঘাটের কাছে শুক্রবার ভোর পর্যন্ত ছিল প্রচণ্ড যানজট। তবে ফেরিতে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস-মিনিবাস-প্রাইভেট কারগুলো পারাপার করায় সকাল নাগাদ ঘরমুখো যাত্রীরা নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে যানজট এলাকা অতিক্রম করতে পেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাতভর কুয়াশা ও অতিরিক্ত যানবাহনের কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা ফেরিঘাটের কাছে শুক্রবার ভোর পর্যন্ত ছিল প্রচণ্ড যানজট। তবে ফেরিতে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস-মিনিবাস-প্রাইভেট কারগুলো পারাপার করায় সকাল নাগাদ ঘরমুখো যাত্রীরা নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে যানজট এলাকা অতিক্রম করতে পেরেছে। বেলা সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওইসব এলাকায় পণ্যবাহী ট্রাক ও লরির দীর্ঘ লাইন রয়ে গেছে। আটকে পড়া যানবাহনের চালক ও সহকারীরা ফেরিঘাটে এলাকাতেই ঈদের নামাজ আদায় করেছেন। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি প্রতিনিধি জানান, মানিকগঞ্জের বরুইঙ্গাল হয়ে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় ঘরমুখী কয়েক হাজার যাত্রী রাতভর সেখানে আটকা পড়েন। অনেকে ফেরিঘাটের দিকে রওনা হন পায়ে হেঁটে। মানিকগঞ্জের পুলিশ সুপার ইমতেয়াজ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তরা টোল প্লাজায় ধীর গতিতে টোল আদায় ও যানবাহন এলোমেলোভাবে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। পরে পণ্যবাহী ট্রাকগুলো বাদ রেখে যাত্রীবাহী মিনিবাস-প্রাইভেট কারগুলো পার করার ব্যবস্থা করলে ভোরের ঘরমুখো যাত্রীরা ফেরি পার হওয়ার সুযোগ পান।" পাটুরিয়ায় বিআইডব্লিউটিসি'র সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার জানান, "ফেরি চলাচল স্বাভাবিক আছে। পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরিঘাট চালু আছে। ভোরের আগেই আমরা সব যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার ব্যবস্থা করেছি।" পাটুরিয়া ফেরিঘাট দিয়ে বরিশাল, পটুয়ালী, বরগুনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, পাবনাসহ প্রায় ২০টি জেলার মানুষ চলাচল করে। ব্যাপক যানজটের কারণে বৃহস্পতিবার রাতে ওইসব রুটের যাত্রীরা সাত থেকে আট ঘণ্টা ফেরিঘাটে আটকে ছিলেন। পাটুরিয়া,দৌলতদিয়া ও আরিচা ফেরিঘাটে আটকে পড়া ট্রাকের চালক ও সহকারীরা ঈদের দিন সকালে ফেরিঘাটের কাছেই ঈদের জামাত আদায় করে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। পাটুরিয়া ফেরিঘাটের দোকানদার আজিজ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে অনেক ট্রাকের লাইন। তাদের সঙ্গে আমিও ঈদের নামাজ আদায় করেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসএনডি/১৪০০ ঘ.