ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ উপদেষ্টা ও ত্রাণ কার্যক্রমে প্রধান সমন্বয়কারী এমএ মতিন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা সম্ভব হয়েছে। প্রাথমিক বিপর্যয় কাঠিয়ে ওঠার পর সরকার দ্বিতীয় পর্যায়ে পুনর্বাসনের কাজ শুরু করেছে।
তিনি বলেন, ক্ষতি কাটিয়ে ওঠতে সরকার কৃষকদের সার্বিক সহযোগিতা করবে। ধানের ক্ষতি পোষাতে উপদেষ্টা হাইব্রিড ধান ও শীতকালীন সবজি চাষের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার বাগেরহাট ও পিরোজপুরে ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় উপদেষ্টা এমএ মতিন এ কথা বলেন।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, কৃষি পুনর্বাসন ছাড়াও উপকূলের দুর্গত এলাকাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসায়ী, পোল্ট্রি ও চিংড়ি ঘেরসহ মৎস্যজীবী এবং কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
উপদেষ্টা মতিন মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাগেরহাটে পশু সম্পদের ক্ষতি পোষাতে বরাদ্দ চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন জেলা পশু সম্পদ কর্মকর্তা।
পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম খান উপদেষ্টাকে জানান, বাগেরহাটে পশু সম্পদের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। উপদেষ্টাকে দেয়া এক প্রস্তাবে তিনি কৃষকদের ক্ষতি পূরণের জন্য তিনি প্রায় দশ কোটি টাকার চাহিদা তুলে ধরেন।
জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুদবিহীন ঋণ, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক জোড়া করে হালের বলদ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণ গ্রহীতা নারীদের একটি করে গাভী দেয়ার প্রস্তাব করেন পশু সম্পদ কর্মকর্তা।
পিরোজপুর প্রতিনিধি জানান, বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে উপদেষ্টা মতিন বলেন, "এর আগে দেশে এ ধরনের দুর্যোগ আর সম্পদের ক্ষতি হয়নি। তবে ঘূর্ণিঝড়ের পরে সরকার ত্রাণ বিতরণসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় কেউ অনাহারে থাকেনি।"
তিনি বলেন, "ত্রাণ কার্যক্রম কমিয়ে এখন দুর্গত এলাকার মানুষকে নিজের নিজের পেশায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।"
রিলিফের আশায় সারাদিন ব্যয় করে যে পরিমাণ রিলিফ পাওয়া যাবে তার চেয়ে নিজের পেশায় পরিশ্রম করে বেশি আয় করা সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি বলেন, যেসব দুর্গত মানুষ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তাদের ত্রাণ থেকে বঞ্চিত করা যাবে না।
বাগেরহাটে মতবিনিময় সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক সহিদুল ইসলাম। পিরোজপুরে সভাপতিত্ব করে জেলা প্রশাসক মো. আবদুল কাইয়ুম। এ দুটি মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, খুলনার বিভাগীয় কমিশনার মো: ইউনুসুর রহমান, বাগেরহাট সেনা ক্যাম্পের কমাণ্ডিং অফিসার লে: কর্নেল সাঈদ সিদ্দিকী, পিরোজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোস্তফা কামাল।
দুই জেলায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও, দাতা সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৯৪০ ঘ.
bdnews24