ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের মুখে জামাত নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রশাসনের অনুরোধে এবং স্বাধীনতা বিরোধীরা চলে যাওয়ার পর মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর: সদরপুরে উপজেলা জামাতের আমীরের উপস্থিতির প্রতিবাদে ফরিদপুর জেলার সদরপুর স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করেন মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিনের অনুরোধে এবং জামাত নেতারা চলে যাওয়ায় বিজয় দিবসের অন্য অনুষ্ঠানে অংশ নেন তারা।
সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল হুদা জানান, অনুষ্ঠানে জামাত নেতার উপস্থিতির প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমিতো কোনও রাজনৈতিক দলের নেতা কে দাওয়াত দেইনি। উপজেলা জামাতের আমীর গাজী মো. আলীর চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ চিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দাওয়াত পেয়ে এসেছেন। এতে অনুষ্ঠানে উপস্থিত ১৩০ জন মুক্তিযোদ্ধা অনুষ্ঠান বর্জন করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চলে যান।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংসদ কার্যালয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিকেল সদরপুর স্টেডিয়ামে স্থানীয় সুধী সমাজের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রীতি ফুটবল ম্যাচে মুক্তিযোদ্ধারা অংশ নেন।
মো. নাসিরউদ্দিন বলেন, জামাত নেতার উপস্থিতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কী ধরণের প্রতিক্রিয়া সেটা বলা যাবে না। তারা ক্ষোভও প্রকাশ করেছেন। তবে পরে সব অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: জামাতের উপজেলা আমীর তাজের হোসেনসহ কয়েক নেতার উপস্থিতির প্রতিবাদে গোমস্তাপুর উপজেলার রহনপুর কেবি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ বয়কট করেন মুক্তিযোদ্ধারা। পরে স্বাধীনতা বিরোধীরা উপস্থিত থাকবেন না- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিশ্র"তি দেয়ার পর মুক্তিযোদ্ধারা কুচকাওয়াজে অংশ নেন।
স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, সকাল সাড়ে ৮টায় কর্মসূচী শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা দেখেন সামনের সারি দখল করে রেখেছেন জামাত নেতারা। এদের মধ্যে উপজেলা আমীর ছাড়াও ছিলেন, জামাতের পৌর কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মিজান ও অন্য দুই জামাত নেতা ডা. মো. মফিজ ও ডা. শহীদুল্লাহ। এতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।
অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় লোকজন হৈ চৈ শুরু করলে জামাত নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে তাদের অনুষ্ঠানে ফিরিয়ে আনেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধারা শুরতে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা ফিরে আসেন।
যুদ্ধাপরাধীদের উপস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, "অনুষ্ঠানে যারা এসেছিল আমি তাদের চিনি না।"
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এরফান আলী ছুটু জানান, জামাত নেতাদের দেখে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন। পরে স্বাধীনতা বিরোধীদের রাখা হবে না- প্রশাসনের এ প্রতিশ্র"তি পেয়ে তারা কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24