২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংরক্ষণের উদ্যোগ

মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির ক্ষেত্রে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাংশ কোটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাশেম মাহবুবুল আলম শুক্রবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত এটি চূড়ান্ত করার জন্য আমরা নিয়মিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে তাগাদা দিচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির ক্ষেত্রে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাংশ কোটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাশেম মাহবুবুল আলম শুক্রবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত এটি চূড়ান্ত করার জন্য আমরা নিয়মিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে তাগাদা দিচ্ছি।" বর্তমানে সকল পর্যায়ের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের বিধান রয়েছে। ডা. আবুল কাশেম বলেন, "পৌর এলাকায় বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এক বার্নার গ্যাসের চুলা ও পানির বিল এবং খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পৌরসভা এলাকায় এক হাজার বর্গফুট পর্যন্ত নিজস্ব বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাব দুটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।" মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমানে কয়েকটি বিশেষ সুবিধা কার্যকর রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাশেম মাহবুবুল আলম বলেন, "প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসে ছয়শ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা প্রতি পরিবারকে মাসে তিন হাজার ৯০০ টাকা এবং যুদ্ধে আহত হওয়ার পর পরে মারা গেছেন এমন মুক্তিযোদ্ধার (মৃত যুদ্ধাহত) পরিবারের জন্য মাসে তিন হাজার ৭৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।" এছাড়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফ করার বিধান চালু রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে সনদ পাওয়া এক লাখ ২৬ হাজার ৩০৮ জন মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা আড়াই হাজার এবং মৃত যুদ্ধাহত পরিবারের সংখ্যা ৩০৩টি। এছাড়া, জখমের মাত্রা অনুসারে যুদ্ধাহত চার হাজার ৭০৯ জন মুক্তিযোদ্ধাকে ছয় ক্যাটাগরিতে ভাগ করে ভাতা দেওয়া হয়ে থাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জানান, 'এ' ক্যাডাগরির জন্য মাসে আট হাজার টাকা, 'বি' এর জন্য সাড়ে পাঁচ হাজার টাকা, 'সি' এর জন্য সাড়ে তিন হাজার টাকা, 'ডি' এর জন্য তিন হাজার টাকা, 'ই' এর জন্য আড়াই হাজার টাকা এবং 'এফ' এর জন্য ছয়শ করে টাকা দেওয়া হচ্ছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হুইল চেয়ার ও কৃত্রিম হাত-পা ও চিকিৎসা সেবা পাচ্ছেন বিনামূল্যে। এছাড়া, দেশের সরকারি হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কেবিন সংরক্ষিত থাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে হত দরিদ্র মুক্তিযোদ্ধার মেয়ের বিয়ের ব্যয় বহন, দরিদ্র মুক্তিযোদ্ধার সন্তানের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বাবদ ব্যয় এবং সুদবিহীন ঋণ দেওয়া হচ্ছে। তারা আরও জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের ভাতাসহ সুযোগ সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় ২২টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হাট-বাজার ইজারা, রাস্তা-ঘাট নির্মাণ করাসহ অন্যান্য কাজের দরপত্রের নির্ধারিত বাজেটের চার শতাংশ অর্থ মুক্তিযোদ্ধা সংসদের তহবিলে জমা হয়। এটাই সংসদের প্রধান আয়। এছাড়া দেশি-বিদেশি সংস্থা বা ব্যক্তির কাছ থেকে অনুদান নেওয়ার বিধান রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খাতে চলতি অর্থবছরে ৪০ লক্ষ টাকা অনুদান হিসেবে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া, ঢাকার শ্যামলীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারের উন্নয়ন চলতি অর্থবছরে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি বর্তমান অর্থবছরের এডিপিতে এ ধরনের আরও কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হাসপাতালের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল নির্মাণ, রায়ের বাজার বধ্যভূমির উন্নয়ন এবং দেশের অন্যান্য বধ্যভূমির সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, সম্মুখ সমর স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, সবজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন নির্মাণ ইত্যাদি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এইচডি/এমকে/এসএনডি/এমএ/১৮৩৫ঘ.