ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান বলেছেন, রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) প্রচলিত নিয়ন্ত্রণ কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তবে এ যুদ্ধ প্রথাগত নয় বরং হবে গেরিলা যুদ্ধের মতো।
বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'রেগুলেটরি রিফর্মস কমিশন ব্যবসায়ীদের আশাবাদী ও উৎসাহিত করেছে' র্শীষক এক প্রশ্ন-জবাবভিত্তিক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আকবর আলি খান বলেন, "আমরা বিধিবিধান সংস্কারের ক্ষেত্রে গেরিলা যুদ্ধের পথ বেছে নেব, প্রথাগত পথে যাব না।"
এর ব্যাখা দিয়ে তিনি বলেন, "আমরা মেয়াদ শেষ হওয়ার পর একসঙ্গে অনেকগুলো সুপারিশের পরিবর্তে প্রতিটি বৈঠক শেষে সুপারিশ সরকারের কাছে পাঠিয়ে দেব।"
তিনি বলেন, "প্রথম চার মাসে অর্থনৈতিক বিষয়গুলোকে প্রধান্য দেওয়া হবে। পরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় সংস্কারের জন্য কাজ শুরু করা হবে।"
কমিশন প্রথম দিকে দেশের অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণ কাঠামো সংস্কারের দিকে এগোবে। এ তালিকায় সরাসরি বিদেশি বিনিয়োগ, পরিবেশ, রাজস্ব বোর্ড, বিনিয়োগ বোর্ড এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংক্রান্ত সংস্কারকে প্রাধন্য দেওয়া হচ্ছে। এর জন্য ইতোমধ্যেই তিনটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান।
আরআরসি চেয়ারম্যান বলেন, "দেশের অনেক বিধিবিধান রাতের অন্ধকারে তৈরি হয়েছে। অনেক বিধিবিধান ঔপনিবেশিক আমলের মতো অস্বচ্ছতার মধ্যে তৈরি। কমিশন এগুলো অবলুপ্ত করতে সুপারিশ করবে।"
উপস্থিত ব্যবসায়ী ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, আরআরসি সরকারের কাজের পরিধি কমাতে করতে চায়। সরকারকে অনেক কাজ করতে বললে কোনো সরকারই ভালোভাবে চলতে পারে না।
আকবর আলি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ নিয়ন্ত্রণ কাঠামোর অবশ্যই প্রয়োজন রয়েছে। এ কারণেই কমিশন ইতোমধ্যেই সরকারের কাছে দুটি সুপারিশ দিয়েছে, তা হলো সব বিধিবিধান ওয়েবসাইটে দিতে হবে আর কোনো বিধিবিধান তৈরির আগে জনগণের মত নিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে আরআরসি কোনো গ্যারান্টি দিতে পারে না। তবে ভালো কাজের সুপারিশ করা হলে পরের সরকার তা মানবে না এমনটি নয়।
পুঁজিবাজার নিয়ে এমন একটি কাঠামোগত সংস্কারের সুপারিশ পরের সরকার বাতিল করেনি বলে চেয়ারম্যান উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সব সময় এটা ভাবা ঠিক নয়, রাজনৈতিক নেতারা খারাপ।
আরেক এক প্রশ্নের জবাবে ড. খান বলেন, এই কমিশনের ধারণাটাই প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের মস্তিস্ক থেকে এসেছে। তিনি শুধু জন্ম নেওয়া শিশুর দেখভাল করছেন।
আকবর আলি জানান, কোনো ধরনের হস্তক্ষেপ নিয়ে আমি শঙ্কিত নই। অনেক সচিব আমার কমিশনে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই সুপারিশ তৈরি করে সরকারের কাছে পাঠানো হয়েছে।
দেশী-বিদেশি বিনিয়োগ নিবন্ধন ও সহায়তাকারী প্রতিষ্ঠানের বিনিয়োগ বোর্ডে তৎপরতা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের মত সম্পর্কে জনাব খান একমত পোষণ করেন। ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানের ওয়ান স্টপ সার্ভিসকে জিরো স্টপ সার্ভিস বলে অভিহিত করেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন ও মতামত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান, আমেরিকান চেম্বার অব কমার্সের এ গফুর, আইবিএফবির সদস্য চৌধুরী মোশারফ হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম খান, ডা. ক্রেক লিসনার প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/জিএনএ/১১৪২ ঘ.
bdnews24