ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - র্যাংগস ভবন ভাঙার দায়িত্বপ্রাপ্ত সিক্স স্টার কোম্পানির মালিক হাজী মো. ইউসুফ, র্যাংগস ভবনের স্বত্ত্বাধিকারী এমএম রউফ চৌধুরী ও ভবনটির মহাব্যবস্থাপক কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের অবহেলার কারণেই র্যাংগস ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বরিশালের ইসলামিয়া ও সরকারী হাতেম আলী কলেজের সাবেক শিক্ষক ও বর্তমানে ঢাকার আদালতে আইন পেশায় নিয়োজিত মাহবুবুল আলম দুলাল বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী অভিযোগটি তদন্ত করে আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
বাদি তার আরজিতে বলেন, অভিযুক্তরা ওই ভবন ভাঙার ক্ষেত্রে নিরাপত্তার দিকটি অবহেলা করায় গত ৮ ডিসেম্বর রাতে র্যাংগস ভবনের ১৮ তলা থেকে ৪ তলা পর্যন্ত ছাদের অংশবিশেষ ভেঙে পড়ে। সর্তকর্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এবং ভবন ভাঙার ক্ষেত্রে প্রচলিত নিয়ম না মানায় এ দুর্ঘটনা ঘটে। ফলে কমপক্ষে ৪ জন শ্রমিকের মৃত্যু ঘটে; ২০ জন আহত হয়। ধ্বংসস্তুপের নিচ থেকে এখনো অনেককে উদ্ধার করা যায়নি। অভিযুক্তরা এর দায় এড়াতে পারেন না।
মামলার এজাহারে ৪ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দুটি দৈনিক পত্রিকার দুজন আলোকচিত্রী রয়েছেন।
এর আগে বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে র্যাংগস ভবন ধসে নিহত শ্রমিকদের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে আবেদন জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৭২৭ঘ.
bdnews24