ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণের পর মুক্তি পাওয়া ব্র্যাক কর্মকর্তা নূর ইসলাম বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছেই বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে নূর ইসলাম তার ৮২ দিন আটক থাকার ঘটনা তুলে ধরেন। তবে কারা এবং কেন তাকে অপহরণ করা হয়েছিল সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের লোগার প্রদেশ থেকে বন্দুকধারীরা অপহরণ করে নূর ইসলামকে। শুক্রবার গভীর রাতে আফগান সরকার তাকে উদ্ধার করে। তার পর থেকে এই ক'দিন তিনি আফগান কর্তৃপক্ষের হেফাজতে ছিলেন।
এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে- ৫৮২ তে করে সকাল ১০টা ৩৯মিনিটে এই ব্র্যাক কর্মকর্তা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। তাকে স্বাগত জানান ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমূল হোসেন। তার সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম হেড জালাল উদ্দিন আহমেদ ও জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনোয়ারুল হক ছাড়াও নূরের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
নূর ইসলাম উড়োজাহাজ থেকে নেমেই মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা করেন।
তিনি জানান, ১৫ সেপ্টেম্বর সকালের দিকে লোগার প্রদেশের ব্র্যাকের কার্যালয়ে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী ঢুকে পড়ে। তারা তার চোখ ও হাত-পা বেঁধে ফেলে অজ্ঞত স্থানে নিয়ে যায়।
তিনি বলেন, "ওরা শুধু নামাজের সময় আমার হাত-পায়ের বাঁধন খুলে দিত। সে সময় আমি চোখ বাঁধা অবস্থায়ই নামাজ আদায় করতাম। ইশারায় মলমূত্র ত্যাগ করার কথা বললে তারা আমার বাঁধন খুলে দিলেও একটি বিশেষ ধরনের বস্তায় আবৃত করে টয়লেটে ঢুকিয়ে দিত।"
কোথায় তাকে আটকে রাখা হয়েছিল- এ প্রশ্নের জবাবে নূর বলেন, "আমি ধারণা করছি পাহাড়ের কোনো এক গুহায় আমাকে আটকে রাখা হয়েছিল। তবে তারা আমার সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করেনি।"
তিনি বলেন, "তারা অন্য ভাষায় বলে বলে তাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। আমার কাছে মুক্তিপণ চেয়ে থাকলেও আমি তা বুঝিনি। কারণ আমি বাংলা ও ইংরেজি ছাড়া কিছুই বুঝতে পারি না।"
আফগানিস্তানে থাকা ব্র্যাকের অন্যান্য কর্মকর্তার জীবন হুমকির মুখে কিনা- এমন প্রশ্নের জবাব দিতে তিনি রাজি হননি।
২০০২ থেকে আফগানিস্তান পুনর্গঠনে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রগুলোতে কাজ করছে ব্র্যাক। এছাড়া সড়ক, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণের মতো উন্নয়ন কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে। আফগানিস্তানে কর্মরত প্রায় চার হাজার ৭০০ ব্র্যাক কর্মীর মধ্যে ২১০ জন বাংলাদেশী।
১৫ সেপ্টেম্বর নূর ইসলামকে অপহরণের সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রাও লুট করে নিয়ে যায়। নূর ইসলাম লোগার প্রদেশে ব্র্যাকের এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসএনডি/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24