২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষকে হয়রানি করলে চাকরি হারাতে হবে: পুলিশের উদ্দেশে আইজিপি

মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বলেন, "কোনোভাবেই মানুষের হয়রানির কারণ হবেন না, হয়রানির কারণ হলে চাকরি হারাতে হবে। পুলিশ জনগণের বন্ধু, আস্থা ভরসার প্রতীক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বলেন, "কোনোভাবেই মানুষের হয়রানির কারণ হবেন না, হয়রানির কারণ হলে চাকরি হারাতে হবে। পুলিশ জনগণের বন্ধু, আস্থা ভরসার প্রতীক।" মঙ্গলবার লক্ষ্মীপুর জেলায় নবগঠিত কমলনগর থানা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, "মানুষ পুলিশকে ভাল বলে না। তারা মনে করেন পুলিশ মানে ঘুষ, দূর্নীতি। এ থেকে বেরিয়ে আসতে হবে।" তিনি বলেন, পুলিশের কাজ মানুষের জানমাল রক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি করা নয়। নূর মোহাম্মদ আরও বলেন, পুলিশের ইমেজ বা ভাবমূর্তি বাড়াতে কাজ করেন না কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবগঠিত কমলনগর থানার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আব্দুল হামিদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আমীর উদ্দিন। পুলিশ সুপার (এসপি) এসএম রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যৌথবাহিনীর কমান্ডিং অফিসার দেওয়ান আকবর আলী, জেল প্রশাসক তসলীমুল ইসলাম প্রমুখ। এছাড়া নোয়াখালীর এসপি মুসফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার এসপি কিবরিয়া, চাঁদপুরের এসপি ওবায়েদ ও ফেনীর এসপিসহ লক্ষ্মীপুর জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিকেলে আইজিপি জেলা পুলিশ কল্যাণ সমিতি ও কমিউনিটি পুলিশের সভায় যোগ দেন। হাজির হাট, চরকালকিনী, সাহেবের হাট, চরমার্টিন, চরলরেন্স, চরফলকন, পাটোয়ারী হাট, তোরাবগঞ্জ, চরকাদিরা- এই ৯টি ইউনিয়ন নিয়ে কমলনগর থানা গঠিত হয়েছে। এর অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন নিজাম উদ্দিন। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর নতুন এই থানা ঘোষণা করা হয়। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় পাঁচটি থানা হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.