২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ, কাদের ও হান্নানের মামলার ওপর আদালতে আবার শুনানি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মো. আবদুল হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে করা মামলার ওপর মঙ্গলবার আবার শুনানি গ্রহণ করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মো. আবদুল হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে করা মামলার ওপর মঙ্গলবার আবার শুনানি গ্রহণ করেছেন আদালত। মামলার বাদী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের উপস্থিতিতে শুনানির পর ঢাকার মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী আগামী ১৮ ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার তারিখ দেন। মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামায়াতের শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ফজলুর রহমান। আদালত মামলাটি সরাসরি এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিলেও সরকারের অনুমোদন নেওয়া যায়নি জানিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান পরদিন সেটি আদালতে ফেরত পাঠান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার একই হাকিম বাদীর উপস্থিতিতে মামলার ওপর আবার শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। মঙ্গলবার শুনানির সময় বাদীর আইনজীবী অ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারি ও মুহাম্ম্দ আবদুর রাজ্জাক আদালতকে বলেন, তেজগাঁও থানার ওসি রাষ্ট্রদ্রোহিতা মামলায় বিষয়ে যথাযথ আইন না জেনে এবং আদালতের প্রতি অবজ্ঞা দেখিয়ে মামলাটি ফেরত পাঠিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা অনুমোদন ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগগুলোতে যোগাযোগ করেননি বলেও তারা দাবি করেন। বাদী ফজলুর রহমান এ সময় আদালতের কাছে মামলার অভিযোগ আমলে নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি ন্যায়বিচার চান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০২৮ ঘ.