ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আট তথ্য নির্বাচন কমিশনে (ইসি) দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনৈক আবু সফার দায়ের করা আপিলের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শেষে এই রায় দেন।
রায়ে আদালত বলেছে, প্রতারণা করে আবু সফা এ আপিলটি দায়ের করেছেন। আইনের দৃষ্টিতে এটি কোনো আপিলই নয়; তাই আপিলটি খারিজ করা হলো।
২০ নভেম্বর সুপ্রিমকোর্ট আপিলকারী আবু সফাকে আদালতে ১১ ডিসেম্বর হাজির করাতে তার আইনজীবীকে নির্দেশ দিয়েছিল। সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও আবু সফা আদালতে হাজির হননি। তার পক্ষের আইনজীবী একটি হলফনামা দায়ের করে বলেন, আবু সফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও তার ঘরবাড়ি আছে।
আদালত আবু সফার পক্ষে দায়ের করা এই হলফনামা পর্যালোচনা করে রায় দেয়।
রায়ের পর রিটকারীর আইনজীবী ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "সুপ্রিমকোর্ট আবু সফাকে আজ (১১ ডিসেম্বর) হাজির করতে নির্দেশ দিয়েছিল। তবে তারপক্ষের আইনজীবীরা বলেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।"
তিনি জানান, আদালত রায়ে বলেছে, প্রতারণার মাধ্যমে মিথ্যা কাগজ-পত্রের ভিত্তিতে আপিল করা হয়েছে। আইনের চোখে এটি কোনো আপিলই নয়। অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে। এ আপিলের কারণে বাতিল হয়ে যাওয়া সংসদ নির্বাচন কমিশন প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্য জমা নিতে পারেনি।
ড. কামাল আরো বলেন, "এ জালিয়াতির জন্য আসলে কে বা কারা দায়ী তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।"
তিনি জানান, সুপ্রিমকোর্টের রায়ের ফলে আটটি তথ্য দেওয়ার জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা বহাল থাকলো।
আব্দুল মমিন চৌধুরীসহ সুপ্রিমকোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৪ মে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে একটি রায় প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে আবু সফা লিভ-টু-আপিল আবেদন করলে ২০০৬ সালের ডিসেম্বরে আপিল বিভাগ আপিলটি শুনানির জন্য গ্রহণ করে। পরবর্তীতে আদালতের নির্দেশে আবু সফা নিয়মিত আপিল দায়ের করেন।
২০০৭ সালের ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল তার মনোনয়নপত্র জমা দেওয়ার পাঁচ দিন আগে আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে দেয়। এর ফলে বাতিল হয়ে যাওয়া নির্বাচনে প্রার্থীরা আটটি তথ্য জমা দিতে হয়নি।
রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন ও আপিলকারীর পক্ষে ব্যারিস্টার ওমর সাদাত।
হাইকোর্ট যে আটটি তথ্য দিতে নির্দেশ দিয়েছিল তা হলো- ১. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, যদি থাকে সেক্ষেত্রে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সনদপত্র। ২. বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন কি না। ৩. প্রার্থী সম্পর্কে পূর্বে কোনো ফৌজদারি মামলা ছিল কি না এবং যদি থাকে তার ফলাফল। ৪. পেশা/জীবীকা। ৫. আয়ের উৎস সমূহ। ৬. পূর্বে সংসদ সদস্য ছিলেন কি না, হয়ে থাকলে ওই সময়ে জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্র"তি অর্জনে ব্যক্তিগত বা সমষ্ঠিগতভাবে কি ভূমিকা পালন করেছেন। ৭. প্রার্থী এবং প্রার্থীর পোষ্যদের সম্পদ ও দায় দেনার বিবরণ। ৮. প্রার্থী নিজে ব্যক্তিগত বা যৌথভাবে পোষ্যদের নামে ব্যাংক কিংবা অর্থ লগ্নিকারী কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার ঋণ গ্রহণ করেছে কি না, করে থাকলে ঋণের পরিমান ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য, প্রার্থী কোনো ঋণ গ্রহিতা কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক থাকলে ওই কোম্পানির ঋণের পরিমাণ কতো।
রায়ের পর ড. কামাল বলেন, "সুপ্রিমকোর্টের রায়ের পর এখন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এই আটটি জমা দিতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১১১৮ ঘ.
bdnews24