কুমিল্লা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে শায়খপুত্র নাবিলসহ জঙ্গিদের পালানোর চেষ্টা ঘটনায় পাঁচ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
কুমিল্লা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. বজলুর রহমান বুধবার এ তথ্য জানান।
কারারক্ষীরা হলেন, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, আবুল কাশেম ও রফিকুল ইসলাম।
বজলুর রহমান বলেন, "বন্দিদের লকআপের আগে বন্দির শরীর ও তার জিনিসপত্র পরীক্ষা করার বিধান রয়েছে। কারারক্ষীদেরই এ কাজ করার দায়িত্ব।"
তিনি জানান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কপোতাক্ষ সেলের আলাদা সীমানা প্রাচীর রয়েছে। জঙ্গিরা তালা খুলে ওই সীমানা প্রাচীর টপকিয়ে কারাগারের প্রধান প্রাচীর টপকিয়ে পালাতে গিয়েছিল।
জেল সুপার বলেন, "ওই পাঁচ কারারক্ষী ওই সময় দুটি স্থানে দায়িত্ব পালন করছিল। তাদের গাফিলতির কারণেই বন্দিরা পালানোর চেষ্টার সুযোগ পেয়েছে।"
জঙ্গিদের পালানোর চেষ্টার ঘটনায় ইতোপূর্বে চার জন কারারক্ষীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
গত ২৫ নভেম্বর নাবিল রহমানসহ পাঁচ জঙ্গি কুমিল্লার কারাগার থেকে পালানোর চেষ্টা চালায়। ওই ঘটনার পর নাবিলসহ ওই জঙ্গিদের কুমিল্লা কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24