ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন ক্যাম্পে থাকা বিহারীদের কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাজমুল আরা সুলতানা ও বিচারপতি মো. আবু তারিকর হাইকোর্ট বেঞ্চ বিহারীদের নেতা সাদাকাত খানসহ ৮ জনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়েছে, "সারাদেশে ১১ টি বিহারী ক্যাম্পে বসবাসকারীদের অধিকাংশের স্বাধীনতার পর জন্ম হয়েছে। জন্মসূত্রে তারা বাংলাদেশের নাগরিক। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোন ব্যক্তিকে রাষ্ট্রহীন করা যায়না। কিন্তু বিহারীদের এ পর্যন্ত বাংলাদেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাদেরকে এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।"
শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিহারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা প্রধান উপদেষ্টার কাছে লেখা গত ১৪ জুনের এক চিঠিতে বিহারীদের ভোটার করার পক্ষে মত দেন। কিন্তু তারপরও বিহারীদের এখনো ভোটার করা হয়নি।"
সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে রুল নিশি জারি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমএ/১৯১৮ ঘ.
bdnews24