২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন জমার মেয়াদ বাড়লো ২ ডিসেম্বর পর্যন্ত

ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় ২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় ব্যক্তি শ্রেণীর করদাতারা নির্ধারিত সময়ের পরও আয়কর রিটার্ন দাখিল করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 07:52 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় ২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় ব্যক্তি শ্রেণীর করদাতারা নির্ধারিত সময়ের পরও আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল মজিদ সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আয়কর রিটার্ন দাখিল করার নির্ধারিত শেষ দিন ৩০ নভেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ার কারণে আয়কর রিটার্ন দেয়ার মেয়াদ ২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।" তিনি জানান, রোববার অর্থাৎ ২ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। এক প্রশ্নের উত্তরে মোহাম্মাদ আব্দুল মজিদ বলেন "আয়কর অধ্যাদেশের বর্তমান বিধান অনুযায়ী ঘূর্ণিঝড় দুর্গত এলাকার মানুষেরা নির্ধারিত তারিখের পরও আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনারের কাছে করদাতাদের আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে কর কমিশনারের দেয়া নির্ধারিত তারিখ মোতাবেক পরবর্তীতে রিটার্ন দাখিল অবশ্যই করতে হবে।" তিনি জানান, এরপর এ বিষয়ে আর কোনো সময় বাড়ানো হবে না। যারা এ সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন না, তাদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ২০০৭ - ০৮ কর বছরের জন্য ব্যাক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার তারিখ এবার নিয়ে তৃতীয় বারের মতো বাড়ানো হলো। প্রথম দফায় চলতি ২০০৭ - ০৮ কর বছরের জন্য ব্যাক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর বিভিন্ন মহল ও সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। পরবর্তীতে বন্যা ও রমজান, পরে ঈদ ও পুজার ছুটির কারণে অনেকে রিটার্ন জমা দিতে পারেননি। তাদের বিষয় বিবেচনা করে রিটার্ন দাখিলের মেয়াদ এক মাস বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। ২০০৭-০৮ কর বছরে ২২ লাখ টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) ব্যক্তি রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ইএইচবি-এএইচডি/আরএ/এমএ/১৩৪৩ঘ.