২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের দাবিতে মিছিল

পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দাবিতে জরুরি অবস্থার মধ্যেই শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় মিছিল করেছে কয়েকশ মানুষ। দুপুর ১২টার দিকে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের চর আলগী গ্রামের কয়েকশ মানুষ মিছিল বের করে বলে স্থানীয়রা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

পটুয়াখালী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দাবিতে জরুরি অবস্থার মধ্যেই শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় মিছিল করেছে কয়েকশ মানুষ। দুপুর ১২টার দিকে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের চর আলগী গ্রামের কয়েকশ মানুষ মিছিল বের করে বলে স্থানীয়রা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চর আলগী থেকে আসা কয়েকশ মানুষের ওই মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিভার্সিটি স্কোয়ারের কাছে এলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিলকারীদের একটি দল ইউএনও এর সঙ্গে দেখা করে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্রাণের জন্য কিছু লোক একসঙ্গে ইউএনও এর সঙ্গে দেখা করতে চাচ্ছিল। তবে যেহেতু জরুরি অবস্থা চলছে, তাই তাদের বুঝিয়ে কয়েকজনকে ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।" দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, "মিছিলের কথা জানি না। তবে চর আলগী থেকে কয়েকজন লোক ত্রাণের দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি এ বিষয়ে তাদের আশ্বস্ত করলে তারা ফিরে যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৭ ঘ.