২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ত্রাণ দিলেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শনিবার পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 06:42 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

পটুয়াখালী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শনিবার পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সকালে সদর উপজেলার ছোট বিঘাই ও বড় বিঘাই ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে এরশাদ যান মির্জাগঞ্জ উপজেলায়। সেখানে চরখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন তিনি। চরখালীতে ত্রাণ বিতরণ শেষে সাবেক রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, "দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে। এ নিয়ে রাজনীতি প্রত্যাশিত নয়।" তিনি বলেন, "এ মুহূর্তে এ সব এলাকায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি প্রয়োজন। নইলে রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।" দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এরশাদ। একই সঙ্গে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য কারা অন্তরীণ দুই নেত্রীকে মুক্তি দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট দল দুটি যে দাবি তুলেছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। ত্রাণ বিতরণের সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মাহমুদুল হাসান, জিয়াউদ্দিন বাবলু, গোলাম মোস্তফা প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.