পটুয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে ত্রাণ বিতরণের জন্য তাদের মুক্তির দাবি যুক্তিযুক্ত নয় বলে অভিমত দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার রাতে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ত্রাণ কাজের জন্য আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃদ্বয়ের মুক্তির দাবি প্রসঙ্গে ড. কামাল এ কথা বলেন।
বড় দুই দলের কারাবন্দী নেত্রীর মুক্তি দাবি প্রসঙ্গে মতামত জানতে চাইলে ড. কামাল বলেন, "বড় দল ছোট দল বুঝি না। আমিও এক সময় বড় দলের নেতা ছিলাম। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে ত্রাণের জন্য তার মুক্তি চাওয়া যুক্তিযুক্ত নয়।"
তিনি আরো বলেন, "কালো টাকাওয়ালারা ফিরে আসুক কেউ তা চায় না।"
গণফোরাম সভাপতি শনিবার সকাল থেকে পটুয়াখালীর ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সম্পাদকমণ্ডলীর সদস্য পরিমল চন্দ্র গুহ, মোস্তফা মোহসীন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ ও জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আবদুল আজিজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/২২০৫ঘ.
bdnews24