ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়িতে কোনভাবেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে না। ফুলবাড়ি ও এর আশেপাশের এলাকার জনপ্রতিনিধিরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এই অঙ্গিকারের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তারা অভিযোগ করেন, এশিয়া এনার্জি দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে।
জাতীয় প্রেসক্লাবে 'তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি' আয়োজিত 'উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও এশিয়া এনার্জির অপতৎপরতা' শীর্ষক আলোচনা সভায় এশিয়া এনার্জির অপতৎপরতা রোখার ঘোষণা দিয়ে ফুলবাড়ি পৌর কমিশনার জয়প্রকাশ গুপ্ত বলেন, "কোনভাবেই উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হবে না।"
ফুলবাড়ি আন্দোলনের সংগঠক আমিনুল ইসলাম বাবলু বলেন, "এশিয়া এনার্জির অপতৎপরতা শুরু হয়েছে। সরকার ভুল করছে। ওই এলাকার মানুষ কিভাবে প্রস্তুত হয়ে আছে তা সরকারকে উপলব্ধি করতে হবে।"
বক্তরা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হতে পারে না। এ ধরনের কয়লা নীতি হলে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করবে। বিদেশি প্রতিষ্ঠান এদেশীয় দালালদের মাধ্যমে দেশ থেকে সম্পদ লুটে নিতে চায়।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "এশিয়া এনার্জি দেশে ও বিদেশে জালিয়াতিমূলক প্রচারনা চালাচ্ছে। বাংলাদেশের কয়লা দেখিয়ে শেয়ারবাজার থেকে টাকা তুলছে। এখনও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কেন সেটা প্রশ্ন। দেশের মানুষ উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি গ্রহণ করবে না। লুটেরা কোন বিদেশি প্রতিষ্ঠান এদেশে থাকতে পারবে না। দেশ থেকে বহিষ্কার করতে হবে।"
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ। আরও বক্তব্য রাখেন ফুলবাড়ি, পার্বতীপুর ও বিরামপুর থেকে আসা লিয়াকত আলী, কমল চন্দ্র বিশ্বাস, পরিমল রায়, সায়মা বেগম, এম এ কাইয়ুম, রাখাই সরেন, হাবিবুর রহমান, মো. আলাউদ্দিন, মুর্মু, প্রদীপ সরকার, হাফিজার রহমান, জবিরুল ইসলাম প্রমুখ।
হায়দার আকবর খান রনো, টিপু বিশ্বাস, এম এম আকাশ, রুহিন হোসেন প্রিন্স, মোর্শেদ আলী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০১৫ ঘ.
bdnews24