২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের হামলার ঘটনায় সিলেটে এক জঙ্গির ১০ বছর কারাদণ্ড

সুনামগঞ্জে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুল আজিজ ওরফে হানিফকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

সিলেট, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুল আজিজ ওরফে হানিফকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক দীপ্যমান সরকার এ রায় দেন। মামলার অন্য আসামি সালাউদ্দিন ওরফে সালেহীনকে বেকসুর খালাস দেন তিনি। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর সেতুর কাছে বোমা ফাটায় জেএমবি সদস্যরা। পরদিন সুনামগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কমিশনার আহমদ নূর এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, তার দেহরক্ষী আব্দুল আজিজ ওরফে হানিফ ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে সিলেট থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আব্দুল আজিজ ও সালেহীন পরে সুনামগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাজেরা খাতুনকে দেওয়া জবানবন্দিতে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে। ২০০৭ সালের ৫ জুলাই তাদের দুজনকে অভিযুক্ত করে মামলার বিচার কাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করে। রায়ে আব্দুল আজিজকে সাজা দেওয়া হলেও মল্লিকপুর সেতুতে হামলার ঘটনায় সালেহীনের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন বিচারক। এর আগে গত ৭ অক্টোবর সুনামগঞ্জে সিরিজ বোমা হামলার অন্য দুই ঘটনায় একই আদালত এ দুজনের প্রত্যেককে ১০ বছর করে মোট ২০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০২৪ ঘ.