ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির বিবরণ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার শেখ হাসিনার রিট আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেন।
এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বিকেলে নিজ কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সাংবাদিকদের বলেন, ''কমিশন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবে। আগামীকাল (বৃহস্পতিবার) কমিশনে এ বিষয়টি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।''
তিনি বলেন, ''হাইকোর্টের রায়ে আমরা হতোদ্যম হইনি। আপনারা একে বড় মনে করছেন কেন ? বিষয়টি আইনি কার্যক্রমের মধ্যে থাকবে।''
দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনাকে পাঠানো নোটিশে কোনো দূর্বল দিক ছিল না।
১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদন করলে ৭ আগস্ট দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন রিটটি চূড়ান্ত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এ আদেশের পরিপ্রেক্ষিতে রিটটির ওপর উভয়পক্ষের পূর্ণাঙ্গ শুনানি শেষে হাইকোর্ট বুধবার রায় ঘোষণা করে।
শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআরএফ/পিসি/এমআই/জিএনএ/১৫৫৭ ঘ.
bdnews24