মোকাররম হোসন শুভ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
বাগেরহাট, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুবলার চর থেকে সোমবার পর্যন্ত ১৫০ জন জেলে ও বাওয়ালী মংলায় ফিরেছে। এদের মধ্যে ১০৯ জনকে উদ্ধার করেছে নৌ বাহিনীর সদস্যরা। বাকিরা নিজে থেকেই ফিরে এসেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মফিকুল হক।
সোমবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুবলার চর থেকে এ পর্যন্ত ১৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে তিন শতাধিক।
দুবলার চর থেকে ফিরে আসা রতন শেখ বলেন, "বন এহন খুব গরম। ঝড়ের পর থেকে কেবল লাশ আর লাশ। কতক বনের মধ্যে পড়ে আছে। কতক ভেসে গেছে সাগরে।"
রতন শেখের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায়। কাজের সন্ধানে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে। সেখান থেকে কুতুবদিয়ার এক মাঝি তাকে চার মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে নিয়ে যায় দুবলার চরে। সেখানে মাছ বহন ও কাকড়া বাছাইয়ের কাজ করতেন তিনি। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আঘাত হানার পর চরের প্রায় সব ঘরবাড়ি ভেসে গেছে। তার অনেক সহকর্মীই মারা গেছে। অনেকে এখনো নিখোঁজ।
সুন্দরবনের অবস্থা সম্পর্কে রতন বলেন, "বনের ভেতরে এহন যাওন বিপদ। মামারা (রয়েল বেঙ্গল টাইগার) খুব গরম। জ্যাঁতা মানুষ পেলেই নিয়ে যাবে। মামাগো খাওনের খুব সমস্যা। মানুষেরই কোনো খাওন নাই!"
অতিরিক্ত জেলা প্রশাসক মফিকুল হক জানান, নৌবাহিনীর সদস্যরা যে ১০৯ জনকে উদ্ধার করেছে তাদের সোমবার সকালে মংলা উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাদের খাওয়ানোর পর কিছু টাকা দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মংলা উপজেলা পরিষদ কার্যালয়ে কথা হলো দুবলার চর থেকে ফেরা কয়েকজনের সঙ্গে। লুঙ্গি ছাড়া তাদের অধিকাংশের গায়ে কোনো কাপড় নেই। ক্ষুধা ও ক্লান্তির ছাপ তাদের প্রত্যেকের চেহারায় স্পষ্ট।
এই ১০৯ জনের অধিকাংশেরই বাড়ি পিরোজপুর জেলায়। এছাড়া সিলেট, নেত্রকোনা, মংমনসিংহ, চট্টগ্রাম. কক্সবাজার, নোয়াখালী, বরিশালসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারাও রয়েছেন এদের মধ্যে।
পিরোজপুরের সোহরাব হোসেন জানান, তাদের মধ্যে অনেকেই একটু বেশি আয়ের আশায় দালালদের মাধ্যমে কাজ নিয়ে দুবলার চরে গিয়েছিলেন। অমানুষিক পরিশ্রম আর নির্যতন সহ্য করে দিন কাটছিল তাদের। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেকেই। যারা লাশ হয়ে চরে পড়ে ছিল তাদের বেশিরভাগেরই দাফন হয়নি। কিছু লাশ মাটি চাপা দেওয়া হয়েছে, অনেক লাশ সাগরে ভেসে গেছে। পচা লাশের দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে চরের বাতাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪০ ঘ.
bdnews24