ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের নয় কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে একজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব সৈয়দ আবু রায়হানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর (পিআইবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব মৃদুলা ভট্টাচার্য ও ওএসডি যুগ্ম-সচিব সিদ্দিকুর রহমানকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব নিয়োগ করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব ড. রুহুল আমিন সরকারকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের সদস্য প্রকাশ চন্দ্র দাসকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ ইউসুফ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ওএসডি যুগ্ম-সচিব আহসান জাকিরকে বিজেএমসি'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব আমির হোসেনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং ওএসডি যুগ্ম-সচিব এসএম গোলাম ফারুককে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের আদেশাধীন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের আদেশাধীন কর্নেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
ওই দুই সেনা কর্মকর্তাকে গত ১২ নভেম্বর দুটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে নিয়োগের আদেশ জারি হয়।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেষণে পরিচালক হিসেবে নিয়োজিত পুলিশ সুপার মো. সরওয়ারকে শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/২০৩১ঘ.
bdnews24