২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জীবের মৃত্যুতে শোকগ্রস্ত চট্টগ্রামবাসী

গায়ক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর মৃত্যুর খবরে নগরীর সাংস্কৃতিক অঙ্গন ও সঙ্গীত প্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গায়ক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর মৃত্যুর খবরে নগরীর সাংস্কৃতিক অঙ্গন ও সঙ্গীত প্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে। তাদের আশংকা ছিল যে কোন সময় এ ধরনের সংবাদ হয়তো আসবে। তবুও গায়ক ফিরবেন, আবার স্টেজ মাতাবেন- এমন আশায় বুক বেধেছিলেন সবাই। তবে শেষমেশ সবার সেই আশংকাকে সত্যি করে 'সত্যিই চলে গেলেন' জনপ্রিয় এই গায়ক। ভক্তরা বিশ্বাস করতে পারছেন না তাদের প্রিয়, স্টেজ মাতানো সঞ্জীব দা'কে আর দুবাহু বাড়িয়ে ভারাট গলায় গাইতে দেখা যাবে না। চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র সুজন কবির বলেন, "তার অসুস্থতার খবর শোনার পর থেকে বুকের মধ্যে খচখচ করছিল। সবকিছু যেন গুলিয়ে উঠছিল। একদিকে দেশের ঘূর্ণিঝড়ের কারণে প্রতিদিন মৃত্যুর খবর শুনতে হচ্ছিল- তার ওপর প্রিয় গায়ক মৃত্যু শয্যায়। গত কয়েকটা দিন সবকিছু এলোমেলো কেটেছে।" গায়ক সঞ্জীব চৌধুরীর ভক্ত ও যায়যায়দিন প্রত্রিকায় তার সহকর্মী সুবর্ণা মজুমদার এ খবর শোনার পর এতটাই বিচলিত হয়ে পড়েছেন যে ফোনে কথাই বলতে পারছিলেন না। 'ভয়াবহ একটি খবর'- বলে একপর্যায়ে আর কিছু না বলে ফোন রেখে দেন। চট্টগ্রামের সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী বলেন, "সঞ্জীব চৌধুরীর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বহুগুণে গুনান্বিত এক মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুটা তাই স্বাভাবিকভাবে মেনে নেয়া যাচ্ছে না। সাংবাদিকতা ও সঙ্গীত জগতের জন্য এটি একটি বড় ধাক্কা।" তিনি বলেন, "শুধু সাংবাদিকতায় ফিচারের ক্ষেত্রে নতুন ধারণার জন্ম দেয়ার জন্য নয়, আধুনিক সুস্থ ধারার সঙ্গীতে সঞ্জীব চৌধুরীর অবদান অনস্বীকার্য। তরুণদের কাছে তিনি ছিলেন দারুণ শ্রদ্ধার এক ব্যক্তিত্ব।" কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, "আমার মনে হয়েছে এখন যারা গান করেন তাদের অনেকেই গলার কারণেই পার পেয়ে যান। তবে অনেকের মধ্যে সৃষ্টিশীলতার কিছুটা অভাব দেখা যায়। এদিক থেকে সঞ্জীব চৌধুরী ছিলেন ব্যতিক্রমী এক গায়ক সত্ত্বা। তিনি ছিলেন পুরোদস্তুর এক শিল্পী।" তিনি বলেন, সঞ্জীবের সৃষ্টিশীল গান, সুর ও সাংবাদিকতা তরুণদের জন্য দীর্ঘদিন অনুকরণীয় হয়ে থাকবে। তার সৃজনশীলতা অনেককে নতুন করে পথ দেখিয়েছে।" বাংলা গানের ধারাকে পাল্টে দেয়ার জন্য অসাধারণ এক কাজ শুরু করেছিলেন সঞ্জীবসহ আরও কয়েকজন; তার এ অকালমৃত্যু কিছুটা হলেও পিছিয়ে গেল সে যাত্রা- বললেন তিনি। ওমর কায়সার বলেন, "অনেক ব্যান্ড গান বিকৃত করলেও সঞ্জীব চৌধুরীর দলছুট এক্ষেত্রে এক ব্যতিক্রম। সুস্থ ধারার সঙ্গীতকে সমৃদ্ধ করার জন্য তার আরও অনেক কিছু দেয়ার ছিল। এত দরদ দিয়ে গান গাইতে দেখা যাবে তাকে ভাবতেই নিদারূণ কষ্টে ভরে উঠে বুক।" গায়ক ও সংস্কৃতি কর্মী শাহরিয়ার খালেদ বলেন, "হারাতে বসা সঙ্গীতকে তিনি একটি ধারায় নিয়ে আসার সূচনা করেছিলেন। বলতে দ্বিধা নেই তাকে হারানোতে নতুন ধারার বাংলা সঙ্গীত কিছুটা হলেও পিছিয়ে পড়বে। একইসাথে অপূরণীয় ক্ষতি হলো সাংবাদিকতার ক্ষেত্রেও।" সঞ্জীব চৌধুরী চট্টগ্রামের সঙ্গীত প্রেমীদের কাছে এখন শুধুই স্মৃতি। তাকে ঘিরে হাজারো স্মৃতি ও গল্পগাঁথা রয়েছে বন্দর নগরীর সঙ্গীত বোদ্ধাদের মাঝে। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা জানান, "সঞ্জীব দাকে দেখার জন্য একবার একটি বিয়ের অনুষ্ঠানে অনাহুতের মতো চলে গিয়েছিলাম। চারিদিকে অপরিচিত লোকের ভিড়ে লজ্জায় মাথা হেট হয়ে যাবার দশা। ভাবছিলাম কখন শুরু হবে গানের অনুষ্ঠান আর অন্যের চাহনি থেকে বেঁচে যাব। এখন সবইতো শুধুই স্মৃতি।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনেও কাল দিনভর মুখে মুখে ফিরেছে এ বেদনার খবর। কষ্ট কাটিয়ে উঠতে অনেকেই গেয়েছেন তার বিখ্যাত গান গাড়ি চলে না চলে না.....। কিন্তু মাঝে মাঝেই কেটে যাচ্ছিল তাদের সুর। তিনদিন ধরে রেডিও শোনা বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্র আমিন। কোন গান শুনলেই সঞ্জীব চৌধুরীর কথা মনে হচ্ছিল। প্রিয় গায়কের মুখটি ভেসে উঠছিল। এতে শুধু কষ্টই বাড়ছিল তার। কোনভাবেই এ প্রাণোচ্ছল মানুষটির জীবন সন্ধিক্ষণের অবস্থা মেনে নিতে পারছিলেন না তিনি। আর মৃত্যুর খবর শুনে একা একা কেঁদেছেন। ধরা গলায় বললেন, "তোমার গাড়িতো থেমে গেলো সঞ্জীব দা। তুমি না থাকলেও তোমার গান বাঁচিয়ে রাখবে তোমাকে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/১৭২২ ঘ.